দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শনিবার (৮ আগস্ট) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। একই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এর আগে শুক্রবার স্বর্ণে দাম কমিয়েছিল বাজুস।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন মূল্য তালিকায় ২২ ক্যারেট হলমার্ক করা প্রতি গ্রাম স্বর্ণালংকারের দাম ভ্যাটসহ ২০ হাজার ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণালংকারের মূল দাম দাঁড়ায় প্রায় ২ লাখ ৩৪ হাজার ৮০০ টাকা। এর সঙ্গে নকশাভেদে মজুরি যোগ হবে।
এছাড়া ২১ ক্যারেট হলমার্ক করা প্রতি গ্রাম স্বর্ণালংকারের দাম ১৯ হাজার ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ১৮ ক্যারেটের প্রতি গ্রামের দাম ১৬ হাজার ৪৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণালংকারের প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৪৪৫ টাকা।