
স্থগিত হওয়া এইচএসসি শুরু ১১ আগস্ট

আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় ২০২৪ সালের এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া পরীক্ষাগুলো আগামী ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে নেওয়া হবে। এর আগপর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, আপাতত ১১ আগস্ট থেকে ঘোষিত রুটিনের পরীক্ষা নেওয়া হবে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর বিষয়ে দ্রুত সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ পর্যন্ত তিন দফায় আট দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো। সর্বশেষ দেওয়া বিজ্ঞপ্তিতে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত রয়েছে। আগামী রবিবার (৪ আগস্ট) আরেকটি পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষাও স্থগিতের সিদ্ধান্ত হয়েছে।
আর কোনো পরীক্ষা স্থগিত হতে পারে কি না জানতে চাইলে অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। কোনো সিদ্ধান্ত নিলে জানানো হবে।’
আল / দীপ্ত সংবাদ








