
সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

দেশকে পুনরায় তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র রুখে দিতে দলমত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ২৪–এর গণঅভ্যুত্থানের চেতনায় এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ নভেম্বর) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে তিনি এ আহ্বান জানান। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে আবারও তাবেদারী রাষ্ট্রে পরিণত করতে এই সন্ত্রাসী গোষ্ঠী যারা দেশে–বিদেশে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত হয়েছে। তারা আবার দেশ ও জগেণের বিরুদ্ধে সন্ত্রাসে লিপ্ত হয়েছে।
সুতরাং কথা একটাই দেশে পতিত পরাজিত বিতাড়িত অপশক্তির পুনরুত্থান ঠেকাতে এবং দেশকে তাবেদারী রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে এই মুহুর্তে প্রয়োজন দল–মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক শক্তিকে ২৪–এর মতো এক মঞ্চে এসে দাঁড়াতে হবে।
তিনি বলেন, বাংলাদেশকে আর কখনোই তাঁবেদারী রাষ্ট্রে পরিণত হতে দেয়া হবে না। পতিত ফ্যাসিস্ট দলকে আর কখনোই মাথা তুলে দাঁড়াতে দিবে না জনগণ।
তিনি আরও বলেন, পলাতক ফ্যাসিস্ট চক্র দেশের স্বাস্থ্য খাতের মতো গার্মেন্টস শিল্পকেও ধ্বংস করে অন্য কোনো বিশেষ দেশের হাতে তুলে দেওয়ার চক্রান্তে লিপ্ত হয়েছে। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণ কোনো তাঁবেদার শক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। এভাবে এগিয়ে যেতে পারলে ভবিষ্যতে আর কেউ কখনোই বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হবে না।
তিনি উল্লেখ করেন, গণতন্ত্র এবং সমৃদ্ধি একে অপরের পরিপূরক; গণতন্ত্র সমৃদ্ধির পথকে প্রশস্ত করে আর সমৃদ্ধি গণতন্ত্রের ভিত্তিকে সুদৃঢ় করে।
পোশাক শ্রমিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিক ভাই–বোনদের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সরকার সম্পূর্ণ ওয়াকিবহাল। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে শিগগিরই সর্বনিম্ন মজুরি ঘোষণা করা হবে এবং নতুন বেতন কাঠামো অনুযায়ী শ্রমিকরা বেতন পাবেন।
সরকার ও মালিকপক্ষ যখন বেতন প্রদানে আন্তরিক, তখন বিদেশে পলাতক সন্ত্রাসী শক্তির উসকানিতে কারখানা ভাঙচুর বা অগ্নিসংযোগ না করার আহ্বান জানান তিনি।
শ্রমিকদের উদ্দেশে প্রশ্ন রেখে সংসদ নেতা বলেন, ফ্যাক্টরি যদি নষ্টই করে ফেলা হয়, তবে বেতন আসবে কোত্থেকে?
পলাতক চক্র দেশের মানুষের অর্থসম্পদ লুটপাট করে বিদেশে আরাম–আয়েশে দিন কাটাচ্ছে উল্লেখ করে তিনি শ্রমিকদের কারও উসকানিতে পা না দিয়ে নিজেদের জীবন ও আহারের উৎস কর্মস্থলকে হেফাজত করার অনুরোধ জানান তিনি।
দেশের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, জনগণের নির্বাচিত এই সংসদ ও সরকার একটি নিরাপদ, স্বনির্ভর এবং সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। এলাকাভিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করে সরকার পর্যায়ক্রমে সমাধানের পদক্ষেপ নিচ্ছে।
সংসদে বিরোধী দলীয় একজন সদস্যের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, অবহেলিত রংপুরের উন্নয়নে সরকারের প্রচেষ্টার কথা বিরোধী দলীয় বন্ধুর বক্তব্যেই স্পষ্ট হয়েছে, যা প্রমাণ করে এই সরকার সমগ্র বাংলাদেশে সুষম উন্নয়নের জন্য কাজ করছে।
পতিত ফ্যাসিস্ট দলের সমালোচনা করে তারেক রহমান বলেন, ‘চোর না শুনে ধর্মের কাহিনী’–এটি আবারও প্রমাণিত হয়েছে যে সুযোগ পেলেও এই ফ্যাসিস্ট দলটির চরিত্র কখনোই ঠিক হবে না।
তিনি বলেন, এত মানুষ হত্যা, গুম ও নির্যাতনের পরও তাদের মধ্যে কোনো পরিবর্তন আসেনি; বরং দেশে–বিদেশে তারা পুনরায় সন্ত্রাসে লিপ্ত হয়েছে। সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে লাঞ্ছিত করার চেষ্টা, এনসিপির সভাপতি নাহিদ ইসলামকে হেনস্তা, যুক্তরাষ্ট্রে এনসিপি নেতাদের সঙ্গে অসদাচরণ এবং ইতালিতে একজন নারী শিল্পীর ওপর বর্বরোচিত হামলার ঘটনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এসব ঘটনার মাধ্যমে তারা প্রমাণ করেছে যে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী।
তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ এই সন্ত্রাসী দলের পলাতক নেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে তার সন্ত্রাসীদের গণতান্ত্রিক জনগণের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া এবং হত্যার জন্য তালিকা প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন, যা দেশবাসী জেনেছে।
প্রধানমন্ত্রী বলেন, এসব সন্ত্রাসীদের যারা আশ্রয়–প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের মনোভাবও বাংলাদেশের স্বাধীনতাপ্রিয় জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে। তারা বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণের সঙ্গে নয়, বরং সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।
মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে লাখো প্রাণের বিনিময়ে এবং ২০২৪ সালে হাজারো প্রাণের বিনিময়ে এ দেশের মানুষ কারও বশ্যতা মেনে নেওয়ার জন্য স্বাধীনতা অর্জন বা রক্ষা করেনি। তাই পতিত স্বৈরাচারের প্রত্যাবর্তন ঠেকাতে এবং তাঁবেদারি রুখে দিতে সংসদের ভেতরে ও বাইরে থাকা সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
তিন দশক আগে দেশনেত্রী খালেদা জিয়ার দেওয়া ঐতিহাসিক স্লোগানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, আজ আবারও সেই আওয়াজ তুলে বলতে চাই-‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা’। এই অধিবেশনের শেষ শপথ হিসেবে তিনি স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌম সংসদ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন এবং বলেন, তাঁবেদার শক্তি মাথা তুলে দাঁড়ানোর আগেই এ দেশের গণতন্ত্রকামী জনগণ তাদের বিষদাঁত ভেঙে দেবে।
বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সফলভাবে পরিচালনার জন্য স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিসভার সদস্য, চিফ হুইপ, বিরোধী দলীয় নেতাসহ সব সংসদ সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান।







