
ইনানীতে গ্যাস বিস্ফোরণে বাপেক্সের ৭ কর্মী আহত

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খননের সময় বের হওয়া গ্যাসের বিস্ফোরণে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) সাত কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি তিনজন চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ইনানী ছোট ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
বাপেক্সের ডিজিএম ড. আব্দুস ছালাম বলেন, ‘সম্প্রতি আগুন বন্ধ করার পর সেখানে সার্ভের কাজ চলছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণে আগুনের কুণ্ডলি বের হয়। এতে বাপেক্সের ডিজিএম রাকিবুল হাসান, রিক মেকানিক ফিরোজ আহমেদ ও রিক মেকানিক মোহাম্মদ জনিসহ সাতজন দগ্ধ হন।’ এ ঘটনার পর চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি তিনজন কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
টানা ৩১ দিন উদগীরিত গ্যাসের আগুন জ্বলার পর শুক্রবার সেই গ্যাসকূপের আগুন নেভাতে সক্ষম হয় বাপেক্স। পরে সেখানে সার্ভের কাজ শুরু করে বিশেষজ্ঞ দল। ওই দিন সকালে বিশেষ কারিগরি পদ্ধতিতে ৩০ ইঞ্চি কেসিং স্থাপনের মাধ্যমে কূপের বিভিন্ন স্থান দিয়ে বের হওয়া গ্যাসের আগুন নিভিয়ে ফেলা হয়। আগুন নিয়ন্ত্রণে আসায় কূপটিকে নিরাপদ করার পাশাপাশি নতুন করে গ্যাস অনুসন্ধানের প্রস্তুতি নেয় সংস্থাটি।








