
বাগেরহাটে আ.লীগ-বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

বাগেরহাটের মোল্লাহাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা–কর্মীদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (২৮ নভেম্বর) রাত ৭টার দিকে উপজেলার মধুমতী সেতুর টোলপ্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ ঘটনায় খুলনা–মাওয়া মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর গোপালগঞ্জের ঘোনাপাড়া থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা একটি মিছিল নিয়ে মোল্লাহাটের দিকে এগিয়ে আসেন। এ সময় মধুমতী নদীর এপারে দেশীয় লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতা–কর্মীরা। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে।
এদিকে, সংঘর্ষের পর আতঙ্কে মধুমতী সেতুর আশপাশের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। ঘটনার পর থেকে মোল্লাহাট এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে সংঘর্ষ এড়াতে পুলিশ, এস,আর,বি ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ওই এলাকায় অবস্থান করছেন।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, সন্ধ্যায় গোপালগঞ্জের ঘোনাপাড়া থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা মিছিল নিয়ে মোল্লাহাটের মধুমতী সেতুর টোলপ্লাজা এলাকায় এলে বিএনপি ও জামায়াতের নেতা–কর্মীদের সঙ্গে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মামুন আহমেদ








