
সেনাবাহিনী পরিচয়ে বিয়ের পাত্রী দেখতে গিয়ে ভুয়া সেনাসদস্য আটক

সাতক্ষীরা জেলায় সেনাবাহিনী সদস্য পরিচয়ে বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন আমির হামজা নামে এক যুবক। এসময় তার কাছ থেকে সেনাবাহিনীর ভুয়া পরিচয়পত্র ও মোবাইল ফোন জব্দ করা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা গ্রামে এ ঘটনা ঘটে।
আটক আমির হামজা দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে। তিনি সাতক্ষীরা আদালতে মুহুরি হিসেবে কাজ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সেনাবাহিনী সদস্য পরিচয়ে বিয়ের কথা বলে এক তরুণীকে দেখতে যান আমির হামজা। কথাবার্তার একপর্যায়ে তার পরিচয় নিয়ে তরুণীর পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে তার পরিচয়ের অসংগতি ধরা পড়লে স্থানীয়রা তাকে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানা নিয়ে যায়।
পুলিশ জানায়, জাতীয় পরিচয়পত্রে তার নাম আমির হামজা উল্লেখ থাকলেও উদ্ধার করা সেনাবাহিনী পরিচয়পত্রে নাম রয়েছে মিনাজ উদ্দীন। এসময় তার কাছ থেকে একটি পরিচয়পত্র ও মোবাইল জব্দ করা হয়।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ‘আটক ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন।‘








