দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

শরীয়তপুরে আ. লীগ-বিএনপির সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শরীয়তপুরে আ. লীগ-বিএনপির সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগের নেতা–কর্মীদের অবরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইব্রাহিম সিপাহি নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

রবিবার (২৯ নভেম্বর) সকাল ৭টার দিকে জাজিরার নাওডোবা এলাকায় ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে।

নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইব্রাহিম সিপাহি শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাফিজউদ্দিন সিপাহির ছেলে। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ভোরে আওয়ামী লীগের নেতা–কর্মীরা পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে অবরোধ কর্মসূচি পালন করেন। ওই কর্মসূচির মিছিলে অংশ নিয়েছিলেন ইব্রাহিম সিপাহি। একপর্যায়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হলে তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে তার মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে আনা হয়।

এদিকে সংঘর্ষে ইব্রাহিমের মৃত্যুর খবরে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের বোন শাহিনুর আক্তার বলেন, “আমার ভাই আওয়ামী লীগের মিছিলে গিয়েছিল। সেখানে গিয়ে গুলি লেগে মারা গেছে। আমরা তাকে অনেক নিষেধ করেছিলাম। কিন্তু এই দলের জন্য সে সবকিছু করতে পারে, তাই আমাদের কথা শোনেনি।

অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতু অবরোধ করেন। এসময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছে।

সালাউদ্দিন রুপম