দীপ্ত নিউজ
বিনোদন

বাংলাদেশের মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু জর্জ হ্যারিসনের মৃত্যুবার্ষিকী আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলাদেশের মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু জর্জ হ্যারিসনের মৃত্যুবার্ষিকী আজ
জর্জ হ্যারিসন

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সুদূর নিউইয়র্কে মানবতার গান গেয়ে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিলেন তিনি। ‘বাংলাদেশ, বাংলাদেশ’— গানের সুরে স্বাধীনতাকামী মানুষের পাশে দাঁড়িয়েছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি সংগীতশিল্পী জর্জ হ্যারিসন। বাংলাদেশের অকৃত্রিম এই বন্ধুর ২৫তম মৃত্যুবার্ষিকী আজ রবিবার (২৯ নভেম্বর)। ২০০১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন এই সংগীতশিল্পী।

২০০১ সালের ২৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যান্সারে আক্রান্ত হয়ে ৫৮ বছর বয়সে মারা যান জর্জ হ্যারিসন। ১৯৪৩ সালের ২৫ ফেব্রুয়ারি ইংল্যান্ডের লিভারপুলে জন্ম নেওয়া এই শিল্পী ‘দ্য বিটলস’–এর লিড গিটারিস্ট হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পান।

১৯৭১ সালে বাংলাদেশের মানুষের ওপর পাকিস্তানি বাহিনীর গণহত্যার খবর বিশ্ববাসীর কাছে তুলে ধরতে উদ্যোগী হন হ্যারিসন।

বিশ্বখ্যাত সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের শরণার্থীদের সহায়তায় এগিয়ে আসেন তিনি।

এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালের ১ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজন করা হয় ‘কনসার্ট ফর বাংলাদেশ’। জর্জ হ্যারিসন ও পণ্ডিত রবিশঙ্করের উদ্যোগে আয়োজিত এই কনসার্টে অংশ নেন বব ডিলান, এরিক ক্ল্যাপটন, রিঙ্গো স্টার, বিলি প্রেস্টন, লিওন রাসেল ও ওস্তাদ আলী আকবর খানের মতো শিল্পীরা।

প্রায় ৪০ হাজার দর্শকের উপস্থিতিতে কনসার্টটির দুটি পরিবেশনা অনুষ্ঠিত হয়।

সেখান থেকে পাওয়া অর্থ ইউনিসেফের মাধ্যমে বাংলাদেশের শরণার্থীদের সহায়তায় ব্যয় করা হয়। এই আয়োজনের জন্যই হ্যারিসন লেখেন ও সুর করেন ‘বাংলাদেশ’ গানটি। গানটিতে বাংলাদেশের মানুষের দুর্দশা ও মুক্তির আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন তিনি।

কনসার্ট ও গানটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুক্তিসংগ্রামের প্রতি মানুষের মনোযোগ বাড়াতে সহায়তা করে। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার জর্জ হ্যারিসনকে মরণোত্তর ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান করে।

আজ তার মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের এই অকৃত্রিম বন্ধুকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে দেশের মানুষ।