দীপ্ত নিউজ
বিনোদন

মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু
ছবি: সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকু মারা গেছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৬ বছর।

এক বছরেরও বেশি সময় ধরে ক্যানসার ও কিডনির জটিলতায় ভুগছিলেন মাতিয়া বানু শুকু। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ নভেম্বর তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরবর্তীতে আইসিইউ থেকে প্যালিয়েটিভ কেয়ারে স্থানান্তরের পর সেখানেই তিনি মারা যান।

শুক্রবার (২৭ নভেম্বর) জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকুর মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের বকুলতলায়।

সকাল ১১টায় তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজের পরে হবে জানাজা।

এরপর রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা এবং নির্মাতা নুরুল আলম আতিকের সহধর্মিণী মাতিয়া বানু। দুই দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

২০২১ সালে নূরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।