যুক্তরাষ্ট্র থেকে দেশে এলো গানভরের প্রথম এলএনজি কার্গো

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় মার্কিন প্রতিষ্ঠান গানভরের সরবরাহ করা প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গো দেশে এসেছে।

যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় মার্কিন প্রতিষ্ঠান গানভরের সরবরাহ করা প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গো দেশে এসেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৪টা ১২ মিনিটে সামিটের ভাসমান এলএনজি টার্মিনালে নোঙর করা কার্গোটি থেকে এলএনজি খালাস শুরু হয়েছে।

এই কার্গো থেকে মোট ১ লাখ ৪২ হাজার ৪০০ ঘনমিটার এলএনজি খালাস করা হবে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান গানভরের সঙ্গে করা ১৩ বছর মেয়াদি চুক্তির আওতায় মোট ১১৭ কার্গো এলএনজি আমদানি করবে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী চলতি বছর দেশে আসবে মোট ৫টি এলএনজি কার্গো।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহের বিকল্প উৎস নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি এই চুক্তি করেছে সরকার। এরই ধারাবাহিকতায় চুক্তির প্রথম কার্গো নিয়ে ‘এলএনজি জেনেভা’ জাহাজটি বাংলাদেশে এসে পৌঁছায়।

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, গতকাল বিকাল থেকে কার্গোটি থেকে এলএনজি খালাসের কার্যক্রম শুরু হয়। দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় গানভোরের সরবরাহ করা এটিই প্রথম কার্গো।

এর আগে, ১৪ সেপ্টেম্বরও একটি এলএনজি কার্গো দেশে এসেছিল। পরপর দুটি কার্গো আসায় গ্যাস সরবরাহ পরিস্থিতিতে কিছুটা উন্নতি হয়েছে।

চলতি মাসে মোট ৯টি এলএনজি কার্গো আসার নিশ্চয়তা মিলেছে। এর মধ্যে আরামকোর দুটি এবং ব্রিটিশ পেট্রোলিয়াম ও পস্কোর একটি করে মোট চারটি কার্গো ইতোমধ্যে দেশে পৌঁছেছে। ১৭ সেপ্টেম্বর গানভরের কার্গো এসেছে।

এরপর ১৮ সেপ্টেম্বর আরামকো, ২৩ সেপ্টেম্বর টোটালএনার্জি, ২৫ সেপ্টেম্বর আরামকো এবং ২৮ সেপ্টেম্বর গানভর থেকে একটি করে আরও চারটি কার্গো আসার কথা রয়েছে।

এর আগে, গত ১৭ সেপ্টেম্বর রাত ৮টার সর্বশেষ তথ্য অনুযায়ী, জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৬০৫ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে সরবরাহ করা হয়েছে ১ হাজার ৬১২ মিলিয়ন ঘনফুট এবং আমদানি করা এলএনজি থেকে পাওয়া গেছে ৯৯৩ মিলিয়ন ঘনফুট।

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More