লোকে বলে প্রথম প্রেম নাকি ভোলা যায় না, এই কথা কতটা সত্য সেটা নিশ্চিতভাবে বলা না গেলেও, এটা বলা যায়, প্রথম প্রেমের অনুভূতিই অন্যরকম। তাই যদি আপনার প্রথম প্রেমের কথা মনে থাকে, তাহলে প্রথম প্রেমিক বা প্রেমিকাকে আজ একবার স্মরণ করতে পারেন।
তার কারণ, আজ ‘ফার্স্ট লাভ ডে‘ বা প্রথম প্রেম দিবস।
অবশ্য এটি যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস। কিন্তু প্রেমের কোনো সীমানা হয় না। তাই চাইলে যেকোনো দেশের মানুষ তার প্রেমকে উদযাপন করতেই পারেন।
দিবসটি যুক্তরাষ্ট্রে প্রথম উদযাপন করা হয়েছিল ২০১৫ সালে। এরপর ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশেও এটি পরিচিতি পায়। তবে, কে বা কারা দিবসটির প্রচলন করেছিলেন তা নিয়ে বিস্তারিত জানা যায়নি। তবে, এটা অনুমান করা যায়, নিশ্চয়ই নিজের প্রথম প্রেমকে স্মরণ করতেই কেউ দিবসটির প্রচলন করেছিলেন।
প্রথম প্রেম অনেক সময় নিঃশব্দেই জীবনে আসে। এই প্রথম প্রেমের সঙ্গে জড়িয়ে থাকে জীবনের অনেক ‘প্রথম’—প্রথম দেখা, প্রথম কথা, প্রথম একসঙ্গে হাঁটা, প্রথম অপেক্ষা কিংবা কাউকে লুকিয়ে ভালো লাগার অনুভূতি। সম্পর্কটি শেষ পর্যন্ত টিকে থাকুক বা না থাকুক, সেই মুহূর্তগুলো অনেকের কাছেই অমূল্য হয়ে থাকে।
তবে প্রথম প্রেমের গল্প সব সময় পূর্ণতার হয় না। কারও জীবনে তা পরিণতি পায়, আবার কারও কাছে থেকে যায় অপূর্ণ এক স্মৃতি হয়ে। কেউ প্রথম ভালোবাসার মানুষটির সঙ্গেই জীবন কাটান, কেউ সময়ের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়ে পুরোনো অধ্যায় পেছনে ফেলে আসেন।
হুমায়ুন আজাদের বহুল উদ্ধৃত একটি কথায় আছে, “দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম।”
উল্লেখ্য প্রথম প্রেমের মানুষটি জীবনে থাকুন বা না থাকুন, সেই অভিজ্ঞতা অনেকের কাছেই থেকে যায় মনের এক নরম কোণে। তাই আজকের দিনটি হতে পারে নিজ অনুভূতিগুলোকে একটু সময় দেওয়ার।
এসএ