দ্রুত বর্ধনশীল মেগাসিটিগুলোর নগর পরিবহন সমস্যা সমাধান ও স্মার্ট চলাচলের ব্যবস্থা গড়ে তুলতে বৃহৎ ভাষা মডেল (এলএলএম) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুগান্তকারী ভূমিকা রাখছে।
চীনের বিখ্যাত থোংচি বিশ্ববিদ্যালয়ের কলেজ অব ট্রান্সপোর্টেশনের সহযোগী অধ্যাপক ড. চিয়ান লি সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত পৃথক দুটি সেমিনারে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও গবেষণা উপস্থাপন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘নগর পরিবহন ব্যবস্থাপনায় বৃহৎ ভাষা মডেলের ব্যবহার’ শীর্ষক ওই সেমিনারগুলোতে ড. লি তাঁর গবেষণাগুলো তুলে ধরেন।
সেমিনারে প্রফেসর লি ব্যাখ্যা করেন কীভাবে সাধারণ এআই মডেলগুলো ক্ষেত্রভিত্তিক প্রফেশনাল মডেলে রূপান্তরিত হচ্ছে। বিশেষ করে নগর পরিবহনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগকে তিনি চারটি প্রধান স্তরে ভাগ করে তুলে ধরেন। এগুলো হলো: ডেটা এনহ্যান্সমেন্ট, নলেজ গ্রাফভিত্তিক নলেজ এনহ্যান্সমেন্ট, অ্যালগরিদমিক মডেল এনহ্যান্সমেন্ট এবং মাল্টি-এজেন্ট সহযোগিতার মাধ্যমে টাস্ক এনহ্যান্সমেন্ট।
আরও পড়ুন>>> বেইজিংয়ে বসছে বিশ্বসেবা বাণিজ্যের বড় আসর, মিডিয়া নিবন্ধন শুরু
এ সময় তিনি চীনের সাংহাই শহরের বেশ কিছু বাস্তব গবেষণা ও সেগুলোর সফলতা তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— নাগরিক অভিযোগ বিশ্লেষণ করে দ্রুত বাস রুট সংস্কার, ‘সাংহাই পাবলিক ট্রানজিট নলেজ গ্রাফ’ ব্যবহারের মাধ্যমে নীতিমালার তথ্য প্রদান, আন্তর্জাতিক শুল্ক ও এইচএস কোড শ্রেণীকরণ এবং ডোর-টু-ডোর স্মার্ট রুট প্ল্যানিংয়ের বাস্তবায়ন। এছাড়া স্বল্প-কার্বন যাতায়াত পরিকল্পনা এবং বাস রুট পরিবর্তনের ফলে যাত্রীদের প্রতিক্রিয়ার এআই সিমুলেশন প্রযুক্তি নিয়েও আলোচনা করেন তিনি।
প্রফেসর লি জোর দিয়ে বলেন, কেবল তাত্ত্বিক মডেল নয়; বরং বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও শিল্প খাতের যৌথ প্রয়াসের মাধ্যমেই একটি শক্তিশালী ‘ওপেন-সোর্স স্মার্ট ট্রান্সপোর্টেশন ইকোসিস্টেম’ গড়ে তোলা সম্ভব।