বিশ্ববাজারে বড় ধরনের পতনের মুখে পড়েছে স্বর্ণের দাম। মার্কিন ট্রেজারি বন্ডের ইল্ড বা মুনাফা বৃদ্ধি এবং ডলারের শক্তিশালী অবস্থানের কারণে মূল্যবান এই ধাতুর দাম ২ শতাংশের বেশি কমেছে। স্বর্ণের পাশাপাশি রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামেও বড় পতন দেখা দিয়েছে।
শুক্রবার (১৫ মে) স্পট মার্কেটে স্বর্ণের দাম ২ দশমিক ৪১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৪০ দশমিক ০৭ ডলারে দাঁড়িয়েছে, যা গত ৫ মে’র পর সর্বনিম্ন। চলতি সপ্তাহে সামগ্রিকভাবে স্বর্ণের দাম কমেছে ৩ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে, আগামী জুন মাসের ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ২ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৫৬ দশমিক ৪০ ডলারে নেমেছে।
স্বর্ণের এই মন্দাভাবের প্রভাব পড়েছে অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও। শুক্রবার স্পট সিলভার বা রুপার দাম ৬ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৭৮ দশমিক ২৬ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া প্লাটিনামের দাম ৩ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৯৯১ দশমিক ৩৩ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১ শতাংশ কমে ১ হাজার ৪২২ দশমিক ৪১ ডলারে নেমেছে।
সূত্র: রয়টার্স