দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

অ্যাপ দিয়ে জেনে নিন কোন পাম্পে তেল পাওয়া যাচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
অ্যাপ দিয়ে জেনে নিন কোন পাম্পে তেল পাওয়া যাচ্ছে
‘তেল কই’ অ্যাপ নির্মাতা সজিব খান।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির ফলে বিশ্বজুড়ে তেল নিয়ে উদ্বেগ চলছে। তার প্রভাব পড়েছে বাংলাদেশেও। তেল সরবরাহ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ায় অনেক জায়গায় পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তর্ক–বিতর্ক এমনকি সহিংসতার ঘটনাও ঘটছে। অনেক চালক আবার এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরেও প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছেন না।

এ ভোগান্তি কমাতে এক তরুণ তৈরি করেছেন ‘তেল কই’ নামে একটি অ্যাপ। এই অ্যাপ ব্যবহার করে সহজেই জানা যাবে কোন পেট্রোল পাম্পে জ্বালানি পাওয়া যাচ্ছে এবং সেখানে কতটা ভিড় রয়েছে।

‘তেল কই’ অ্যাপ তৈরি করেছেন তরুণ প্রযুক্তিবিদ সজিব খান। কাজ করছেন পাঠাও লিমিটেডে ‘ডেটা অ্যানালাইটিকস ও এআই অটোমেশন প্রকৌশলী‘ হিসেবে। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন সজিব। তার তৈরি এই ওয়েবভিত্তিক অ্যাপ কম্পিউটার, ট্যাবলেট কিংবা স্মার্টফোন সব ডিভাইস থেকেই ব্যবহার করা যায়।

অ্যাপটির মূল সুবিধা হলো রিয়েল–টাইম তথ্য। ব্যবহারকারীরা নিজেরাও তথ্য যুক্ত করতে পারেন, ফলে দ্রুত জানা যায় কোন পাম্পে তেল রয়েছে, কোথায় লাইন বেশি বা কোথাও জ্বালানি শেষ হয়ে গেছে কি না, দাম কত।

এরই মধ্যে প্রায় ২৮৭টি পেট্রোল স্টেশনের তথ্য এখানে যুক্ত হয়েছে, যা তেল নিতে যাওয়া চালকদের জন্য বড় সহায়তা হয়ে উঠতে পারে।

সাম্প্রতিক সময় তরুণ প্রজন্মের প্রযুক্তি উদ্যোগের এমন উদাহরণ আরও দেখা গেছে। কোথাও চাঁদাবাজির ঘটনা সম্পর্কে মানুষকে সতর্ক করতে তৈরি হয়েছে ‘চান্দাওয়াচ’ অ্যাপ। আবার রমজান মাসে কোথায় কোন মসজিদে ইফতার বা বিরিয়ানি বিতরণ হবে সেটি জানাতেও তৈরি হয়েছে ‘বিরিয়ানি দিবে’ অ্যাপ।

জেন–জি প্রজন্মকে নিয়ে প্রায়ই নানা সমালোচনা শোনা যায়। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, সুযোগ পেলে এই প্রজন্ম প্রযুক্তি ব্যবহার করে সমাজের বাস্তব সমস্যারও সমাধান খুঁজে বের করতে পারে।

 

এসএ