
১১টি ভারতীয় এয়ারগানসহ যুবক গ্রেপ্তার

সাতক্ষীরায় ১১টি ভারতীয় এয়ারগানসহ এক চোরাচালানী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ মে) সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখীপুর মোড়ে বাস কাউন্টারের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৪ মে) দুপুর আড়াইটায় এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানান দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বাবুল আক্তার।
গ্রেপ্তার চোরাচালানী মো. ইমাদুল ইসলাম (৩০) সাতক্ষীরা সদর উপজেলার লাবসা গ্রামের নূর ইসলামের ছেলে।
ওসি জানান, ভারত থেকে পাচার হয়ে বেশ কিছু এয়ারগান বাংলাদেশে এসেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সখীপুর পরিবহন কাউন্টারের সামনে অভিযান চালানো হয়। এসময় ১১টি এয়ারগান সহ চোরাচালানী ইমাদুলকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় পুলিশ।
বিশেষ ক্ষমতা আইনে মামলার পর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রঘুনাথ খাঁ/এমি/দীপ্ত নিউজ








