দীপ্ত নিউজ
সারাদেশ

ফতুল্লায় মাদ্রাসায় আগুন, আশঙ্কাজনক চার শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফতুল্লায় মাদ্রাসায় আগুন, আশঙ্কাজনক চার শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডে বহু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ৬৩ জনকে ঢাকার বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। ৪ জনকে আইসিইউতে রাখা হয়েছে। ১৬ জনকে আউটডোরে চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা।

ফায়ার সার্ভিস জানায়, সোমবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে জামিয়া আশরাফিয়া মাদ্রাসার ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ১টা ৫৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করে। লাইব্রেরিতে বিপুল পরিমাণ বই ও কাগজ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো ভবনে ঘন ধোঁয়া সৃষ্টি হয়।

কাঁচপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার পার্থ হালদার জানান, অগ্নিকাণ্ডের সময় শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিলেন। ফলে ভবনে ধোঁয়া জমায় শিক্ষার্থীরা শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। ফায়ার সার্ভিস কর্মীরা তাৎক্ষণিকভাবে ভবনে থাকা শিক্ষার্থীদের নিরাপদে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পরবর্তীতে রাত ৩টা ৪৪ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

 

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাইব্রেরিতে আগুনের সূত্রপাত হতে পারে। ধোঁয়ার কারণে বেশ কয়েকজন শিক্ষার্থীর শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, প্রাথমিকভাবে মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করছি। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, যে স্থানে আগুনের সূত্রপাত হয়েছে, সেখানে কোনো শিক্ষার্থী ছিলেন না। আগুন লাগার পর পুরো মাদ্রাসায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েন।

শিউলী শবনম/ এফ‌/ দীপ্ত নিউজ