
ঠাকুরগাঁওয়ে পানির দামে সবজি বিক্রি

ঠাকুরগাঁওয়ে সবজির দাম কমে যাওয়ায়, বিপাকে পড়েছেন চাষিরা। প্রতি কেজি লাউ বিক্রি করতে হচ্ছে মাত্র এক টাকায়। এই অবস্থায় উৎপাদন খরচ তুলতে পারছেন না তারা।
লাউয়ের কেজি ১ টাকা, চিচিঙ্গা ৪ টাকা কেজি, মূলা ৩টাকা আর বেগুন বিক্রি হচ্ছে ১০টাকা কেজি দরে। শীতকালীন এসব সবজির দাম শুনতে অবাক লাগলেও এই চিত্র ঠাকুরগাঁওয়ের সবজি বাজারের।
আলুর বাজারেও স্মরণকালের মন্দা দেখা গেছে, যেখানে প্রতি কেজি আলু ৩ থেকে ৫ টাকায় বিক্রি করতে হচ্ছে চাষীদের।
উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ে এবার শীতকালিন সবজির ফলন ভালো হলেও হাসি নেই চাষিদের মুখে। বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিক দিয়ে প্রতি বিঘা জমিতে যা ব্যয় হয়েছে, বর্তমান বাজার দরে সেই উৎপাদন খরচই উঠছে না বলে দাবি চাষিদের।
ব্যবসায়ীরা বলছেন, এবার তেমন বন্যা না হওয়ায় সারাদেশে সবজির পর্যাপ্ত উৎপাদন ও পরিবহন খরচ বৃদ্ধির মত বিষয়গুলোর কারনে দক্ষিণ অঞ্চলে উত্তরের সবজি সরবরাহ কমেছে।
সবজির সঠিক বাজার মূল্য নিশ্চিতের দাবি এই অঞ্চলের কৃষকদের। পচনশীল সবজি স্বল্পমেয়াদে সংরক্ষণের জন্য বিশেষায়িত হিমাগার স্থাপন বা আধুনিকায়ন করা জরুরি।
মঈনুদ্দীন তালুকদার হিমেল/ এফ/ দীপ্ত নিউজ








