
সাড়ে ৪ বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফ

সাড়ে চার বছর আগে চাকরি থেকে অপসারিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন অবশেষে চাকরি ফিরে পেয়েছেন। আদালতের রায় ও আইনি প্রক্রিয়া শেষে তাকে পূর্ববর্তী জ্যেষ্ঠতা এবং বকেয়া বেতন–ভাতাসহ সব প্রাপ্য সুযোগ–সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
মঙ্গলবার (১০ নভেম্বর) আদালতের রায় এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্তের কথা জানিয়েছে দুদক।
দুদক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৫ অক্টোবর আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে চাকরিতে পুনর্বহালের আবেদন করেন শরীফ উদ্দিন। গত ৫ নভেম্বর অনুষ্ঠিত কমিশনের ১৩/২০২৬ নম্বর সভায় তার আবেদন উপস্থাপন করা হয়। আদালতের রায় ও আবেদন পর্যালোচনা করে চাকরি থেকে অপসারণের আগের আদেশ প্রত্যাহার এবং তাকে পুনর্বহালের সিদ্ধান্ত নেয় কমিশন।
এ সিদ্ধান্ত অনুযায়ী, দুদকের প্রধান কার্যালয় থেকে জারি করা আদেশে শরীফ উদ্দিনের চাকরি থেকে অপসারণের আদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় কমিশনের চাকরিতে বহাল করা হয়েছে। আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, বিধি অনুযায়ী তিনি তার পূর্ববর্তী জ্যেষ্ঠতা এবং বকেয়া সব বেতন–ভাতাসহ প্রাপ্য সুযোগ–সুবিধা পাবেন। আদেশ জারির তারিখ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
দীর্ঘ আইনি লড়াইয়ের পর তার চাকরিতে ফেরার ক্ষেত্রে সর্বশেষ বাধা দূর হয় গত ২৯ অক্টোবর। ওই দিন হাইকোর্টের পুনর্বহালের রায়ের বিরুদ্ধে দুদকের করা লিভ টু আপিল প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে জ্যেষ্ঠতা ও বকেয়া সুযোগ–সুবিধাসহ শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহালের বিষয়ে হাইকোর্টের রায় বহাল থাকে।
শরীফ উদ্দিনের জ্যেষ্ঠ আইনজীবী সালাহ উদ্দীন দোলন জানান, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদক লিভ টু আপিল করেছিল। পরে সংস্থাটি আবেদনটি প্রত্যাহারের জন্য আবেদন করে। ২৯ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত তা মঞ্জুর করেন। এর ফলে শরীফ উদ্দিনের চাকরিতে ফেরার পথে আর কোনো আইনি বাধা নেই।
২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। ২০২১ সালের ১৬ জুন পটুয়াখালীতে বদলির আগে শরীফ দুদকের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত ছিলেন।
সে সময় সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের ঘটনা তদন্ত করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেছিলেন তিনি। দায়িত্ব পালনের কারণে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন জানিয়ে থানায় জিডিও করেছিলেন দুদকের তৎকালীন এই কর্মকর্তা।
শরীফের চাকরিচ্যুতি ঘিরে তখন বেশ আলোচনা সৃষ্টি হয়। চাকরিচ্যুতির প্রতিবাদে দুদকের প্রধান কার্যালয়ের সামনেও দুদকের কর্মীদের অংশগ্রহণে মানববন্ধন করেন।
২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি তিনি চাকরিতে পুনর্বহালের আবেদন করেন। কমিশন তার আবেদন বিবেচনা না করায় ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন (নম্বর ৬৩৬৯/২০২২) দায়ের করেন।
রিটের শুনানি শেষে ২০২৫ সালের ৯ জুলাই হাইকোর্ট বিভাগ অপসারণের আদেশ বাতিল ঘোষণা করে রুল অ্যাবসলিউট করেন। একই সঙ্গে রায়ের সার্টিফায়েড কপি পাওয়ার ৩০ দিনের মধ্যে তাকে প্রাপ্য সব সুযোগ–সুবিধাসহ জ্যেষ্ঠতা প্রদানের নির্দেশনা দেন আদালত।








