দীপ্ত নিউজ
জাতীয়

নাশকতার জন্য আ. লীগ দায়ী: পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নাশকতার জন্য আ. লীগ দায়ী: পুলিশ
ছবি: দীপ্ত নিউজ

রাজধানীতে হঠাৎ বেড়ে গেছে গণপরিবহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা। এজন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়ি করছে পুলিশ। এছাড়া গত ২৪ ঘন্টায় নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৮ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

কখনো বাসে আগুন, কখনো পুলিশ স্থাপনা কিংবা গুরুত্বপূর্ণ সরকারি ভবন লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ। ঢাকাজুড়ে যেন নাশকতার নতুন আতঙ্ক।

গত কয়েক দিনে রাজধানীসহ বিভিন্ন এলাকায় ধারাবাহিক এসব ঘটনায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। প্রশ্ন উঠছে, কারা ঘটাচ্ছে এসব হামলা? উদ্দেশ্যই বা কী?

রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো পরিকল্পনা?

নভেম্বরের শুরু থেকেই ঢাকার বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটছে। আগারগাঁও, ধানমন্ডি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কারওয়ান বাজার, রাজারবাগ পুলিশ লাইনস, বাড্ডা, মিরপুরসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর মিলেছে।

এর সঙ্গে যুক্ত হয়েছে গণপরিবহনে অগ্নিসংযোগ। মিরপুর, মহাখালী, ভাটারা, ফার্মগেট ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন দিয়ে পালিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা।

ঘটনাগুলোর পেছনে রাজনৈতিক যোগসূত্রের অভিযোগ তুলছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনমনে আতঙ্ক তৈরি করতে এসব নাশকতা চালাচ্ছে বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর।

সাম্প্রতিক এসব ঘটনার পরিপ্রেক্ষিতে নগরবাসীকে সতর্ক হয়ে চলাচলের পরামর্শ দিয়েছে পুলিশ।

দিলশাদ এ্যানী/এফ/ দীপ্ত নিউজ