দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

হাসপাতালে মরদেহ রেখে পালালো ২ ব্যক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হাসপাতালে মরদেহ রেখে পালালো ২ ব্যক্তি

 

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আঘাতপ্রাপ্ত জাহিদুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ ফেলে পালিয়ে গেছে অজ্ঞাত দুই ব্যক্তি।

শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে যায় তারা। নিহত জাহিদুল রেদোয়ান সিকিউরিটিজ এজেন্সিতে চাকরির জন্য যায়।

নিহত জাহিদুল রংপুর বদরগঞ্জ থানার বৈরামপুর গ্রামের আজমিয়া পাইকারের ছেলে। সাভারের ইমান্দিপুরে থাকতেন তিনি এবং প্যাডরোলো পানির পাম্পের শোরুমে সিকিউরিটি হিসেবে কাজ করতেন।

রেদোয়ান সিকিউরিটিজ এজেন্সির ম্যানেজিং ডিরেক্টর রেদোয়ান হোসেন বলেন, জাহিদুল নামে এক বৃদ্ধকে আমার অফিসে চাকরি জন্য নিয়ে আসেন সোলেমান। মাগরিবের নামাজের ১০ মিনিট আগে আমার সাথে কথা বলে দুজনই বের হয়ে যান। একটু পরেই শুনি তার মরদেহ হাসপাতালে। পরে আমি সোলেমানের সাথে ফোনে কথা বললে তিনি জানান অফিস থেকে বেরিয়ে বাসে উঠে তিনি চলে গেছেন। জাহিদুল তার ইমান্দিপুরে বাসায় যাবে বলে অটোরিকশায় জন্য অপেক্ষা করছিলেন।

সাভার উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, সন্ধ্যার দিকে হাসপাতালে দুইজন ব্যক্তি একজন আহত ব্যক্তিকে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই সেই ব্যক্তির মৃত্যু হয়েছে। যারা মরদেহটি এনেছে তারা রিকশা ভাড়া দেওয়ার কথা বলে পালিয়ে গেছে।

সাভার মডেল থানার এসআই মাহবুব বলেন, আমরা ধারনা করছি সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন। তারপরও বিষয়টি তদন্ত করছি।

 

এসএ/দীপ্ত নিউজ