ভারতে ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) ‘লং মার্চ টু পার্লামেন্ট’ কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানী নয়াদিল্লি রাস্তা।
সোমবার (২০ জুলাই) নিষেধাজ্ঞা ও ব্যারিকেড উপেক্ষা করে হাজার হাজার বিক্ষুব্ধ শিক্ষার্থী এবং তরুণ রাজপথে নেমে এলে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানেগ্যাস ছোড়ে পুলিশ।
মূলত মেডিকেলে ভর্তি পরীক্ষা ‘নিট’–এ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে এই আন্দোলনের ডাক দিয়েছিল সিজেপি।
সোমবার সকাল থেকেই সেন্ট্রাল দিল্লির প্রধান বিক্ষোভস্থল যন্তর মন্তরে জড়ো হতে থাকেন হাজার হাজার তরুণ আন্দোলনকারী। মিছিল নিয়ে তারা পার্লামেন্টের দিকে এগোতে চাইলে ও একাধিক স্থানে বসানো নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়।
আন্দোলনকারীরা জানায়, প্রতিবাদস্থলের আশেপাশ এলাকায় সিগন্যাল জ্যামার ব্যবহার করা হয়েছে। যার ফলে বিচ্ছিন্ন রয়েছে মোবাইল ও ইন্টারনেট সংযোগ।
এর আগে, রবিবার (১৯ জুলাই) দিল্লি পুলিশ এই পদযাত্রার অনুমতি বাতিল করে ও পুরো এলাকায় ৫ বা ততোধিক ব্যক্তির যে কোনো ধরনের জমায়েতের ওপর ১৪৪ ধারা জারি করে।
এসএ