দীপ্ত নিউজ
বাংলাদেশ

মহাসড়কে আগুন দিয়ে পোশাক শ্রমিকদের অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
মহাসড়কে আগুন দিয়ে পোশাক শ্রমিকদের অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে আগুন দিয়ে অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর জেলার নাওজোড় এলাকায় সড়ক অবরোধ করে এই আন্দোলন শুরু করেন তারা।

মহাসড়কের পাশের বর্জ্য মহাসড়কে এনে সেখানে আগুন ধরিয়ে দেন শ্রমিকরা। এসময় জয়দেবপুর চৌরাস্তা থেকে নাওজোড় মোড় এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সকল ধরনের যানবাহন এমনকি অটোরিকশা, মোটরসাইকেল চলাচলেও বাধা দিয়ে মহাসড়কে ক্রিকেট খেলছেন পোশাক কারখানার শ্রমিকরা।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ সকাল থেকে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি, শিল্প পুলিশ ও থানা–পুলিশের সদস্যরা সতর্ক অবস্থান নেন। তবে সকাল নয়টার আগ থেকে পরিস্থিতি বদলাতে থাকে। পোশাক শ্রমিকরা রাস্তায় নামতে শুরু করে। একপর্যায়ে তারা ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে সকালে চন্দ্রাপল্লী বিদ্যুৎ মোড়সহ বিভিন্ন স্থানে জড়ো হওয়ার চেষ্টা চালান আন্দোলনকারী শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সেখান থেকে ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকরা নাওজোর এলাকায় গিয়ে মহাসড়কে অবস্থান নেন।

এদিকে, কোনাবাড়ী এবং মৌচাকেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

উল্লেখ্য, মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ক্ষয়ক্ষতির ঘটনায় গাজীপুরে আলাদা ৩টি মামলা হয়েছে। সোমবার (২ নভেম্বর) কোনাবাড়ী, বাসন ও কালিয়াকৈর থানায় পুলিশের করা এসব মামলায় প্রায় ৩ হাজার ৬০০ জনকে আসামি করা হয়েছে।