দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ভোটে জিতলে দিল্লিকে ‘বাংলাদেশি’ মুক্ত করব: অমিত শাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভোটে জিতলে দিল্লিকে ‘বাংলাদেশি’ মুক্ত করব: অমিত শাহ

কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার গঠন করতে পারলে দিল্লিকে ‘বাংলাদেশি’ মুক্ত করার ঘোষণা দিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

রবিবার (২৬ জানুয়ারি) নারেলায় এক নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্য তিনি এ কথা বলেন।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআই ও সংবাদমাধ্যম দ্য হিন্দুর পৃথক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অমিত শাহ বলেন, ‘বিজেপি তার সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে ৷ দিল্লিকে বিশ্বের এক নম্বর রাজধানী করবে। আগামী মাসের নির্বাচনে যদি বিজেপি জয়ী হয়, তাহলে দিল্লিকে দুই বছরের মধ্যে অবৈধ ‘বাংলাদেশি অভিবাসী এবং রোহিঙ্গাদের‘ হাত থেকে মুক্ত করবে।’

এএপির সমালোচনা করে বিজেপির এই নেতা বলেন, ‘পুরো দিল্লি আজ নোংরা পানি নিয়ে লড়াই করছে। স্কুলগুলো শেষ হয়ে গিয়েছে। হাসপাতালে পর্যাপ্ত সুযোগ–সুবিধা নেই ৷’

ভোটের প্রচারে অংশ নিয়ে বক্তব্যে অমিত শাহ রাজ্যটির ক্ষমতাসীন দল আম আদমি পার্টিকে (এএপি) ‘অবৈধ আমদানিওয়ালি পার্টি’ (অবৈধ আয়ের দল) হিসেবে আখ্যা দেন ৷

অমিত শাহের এই বক্তব্যের পাল্টা জবাবে আম আদমি পার্টি (আপ) বলেছে, বিজেপির আসল লক্ষ্য দিল্লির উন্নয়ন নয়, বরং কেবল অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ করা।

উল্লেখ্য, আগামী ৫ ফেব্রুয়ারি ৭০ আসনের দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে। আর আগামী ৮ ফেব্রুয়ারি ফলাফল প্রকাশ করা হবে।

 

এসএ