ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বড় ধাক্কা খেল ব্রাজিল। নকআউট পর্বের শেষ ১৬'র ম্যাচে ব্রাজিল দলে থাকছেন না নির্ভরযোগ্য মিডফিল্ডার লুকাস পাকেতা।

বড় ধাক্কা খেল ব্রাজিল। নকআউট পর্বের শেষ ১৬‘র ম্যাচে ব্রাজিল দলে থাকছেন না নির্ভরযোগ্য মিডফিল্ডার লুকাস পাকেতা।

জাপানের বিপক্ষে রাউন্ড অব ৩২–র ম্যাচেই চোট পান পাকেতা। প্রথমার্ধের শেষ দিকে তাকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। বিরতির বাঁশি বাজতেই তীব্র অস্বস্তি ও ব্যথা নিয়ে মাঠ ছাড়েন তিনি। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে, নেইমারের কাঁধে ভর দিয়ে তাকে ড্রেসিংরুমে ফিরতে হয়। দ্বিতীয়ার্ধে তার জায়গায় নামেন এন্দ্রিক।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানায়, পরীক্ষানিরীক্ষার পর পাকেতার বাম ঊরুর পেছনের পেশিতে (হ্যামস্ট্রিং) চোট ধরা পড়েছে।

তবে পাকেতা কতদিন মাঠের বাইরে থাকবেন, সে বিষয়ে কিছু জানায়নি সিবিএফ।

সিবিএফ এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে “মঙ্গলবার লুকাস পাকেতার ইমেজিং পরীক্ষা করা হয়েছে। তার বাম উরুর পেছনের অংশের পেশিতে চোট ধরা পড়েছে। জাতীয় দলের চিকিৎসক দলের তত্ত্বাবধানে নিবিড় চিকিৎসা ও পুনর্বাসন কর্মসূচি অনুসরণ করবেন তিনি। যত দ্রুত সম্ভব তাকে পুরোপুরি সুস্থ করে মাঠে ফেরানোর লক্ষ্যেই এই চিকিৎসাকার্য পরিচালিত হবে।”

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের সব ম্যাচেই শুরুর একাদশে ছিলেন পাকেতা। তার চোটে ব্রাজিলের দুশ্চিন্তা আরও বেড়েছে।

পাকেতা‘কে নিয়ে দুঃসংবাদ পেলেও ব্রাজিল শিবিরে কিছুটা স্বস্তি এনে দিচ্ছেন উইঙ্গার রাফিনিয়া। প্রায় ১০ দিন ধরে ডান উরুর চোটে ভোগা এই তারকা মাঠে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন। সোমবার দিবাগত রাতে হালকা অনুশীলনের অংশ হিসেবে তাকে গা গরম করতে দেখা গেছে।

তবে নকআউটের গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে খেলানোর বিষয়ে কোনো তাড়াহুড়ো না করে সতর্ক অবস্থানে রয়েছে ব্রাজিলের কোচিং স্টাফ।

এদিকে, মঙ্গলবার অনুশীলনের পর সেলেসাওদের ১ দিনের সংক্ষিপ্ত ছুটি দিয়েছেন কোচ আনচেলত্তি। আজ বুধবার বিকালে ছুটি কাটিয়ে আবারও বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেবেন সেলেসাও বাহিনী। এরপর পরবর্তী ম্যাচের আগে দল অনুশীলনের জন্য পূর্ণ ৩ দিন সময় পাবে।

উল্লেখ্য, আগামী রবিবার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল–নরওয়ে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More