প্রথম ম্যাচেই হোঁচট খেয়ে ২০২৬ বিশ্বকাপ মিশন শুরু করেছে ব্রাজিল। মরক্কোর সঙ্গে ১–১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে সেলেসাওরা।
ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। আর দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন সেলেসাও ডিফেন্ডার দানিলো।
নিউ জার্সিতে ম্যাচ শেষে সাংবাদিকদের দানিলো বলেন, ‘প্রথমার্ধে আমাদের মধ্যে স্নায়ুচাপ কাজ করেছে যা খেলায় বড় প্রভাব ফেলেছে। কিন্তু বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এ ধরনের চাপ সামলাতে না পারলে তার মূল্য দিতে হয়। প্রথমার্ধ শেষে স্কোরলাইন ১–১ ছিল, এজন্য আমাদের কৃতজ্ঞ থাকা উচিত।’
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে মরক্কো। দ্রুতগতির প্রেসিং ও আক্রমণে বারবার চাপে পড়েছিল ব্রাজিলের রক্ষণভাগ।
৫ বছর বয়সী এই ফুটবলার বলেন, ‘প্রথমার্ধে আমরা প্রায় সব দিক থেকেই খারাপ খেলেছি। সবকিছুতেই ঘাটতি ছিল। আমরা নিজেদের ভুলেই বারবার বিপদ ডেকে এনেছি। ভাগ্য ভালো আর গোল হজম করতে হয়নি।’
তবে দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড়দের নামানোর পর ব্রাজিলের খেলায় কিছুটা পরিবর্তন আসে।
দানিলো বলেন, ‘বেঞ্চে থাকা খেলোয়াড়দের সব সময় প্রস্তুত থাকতে হবে। সুযোগ পেলে কাজে লাগাতে হবে। আজ আমরা সেটাই করার চেষ্টা করেছি।’
তিনি বলেন, ‘দ্বিতীয়ার্ধে আমরা অনেক বেশি শান্ত ছিলাম। মাঠের জায়গাগুলো ভালোভাবে কাজে লাগাতে পেরেছি এবং তখনই আমাদের আসল খেলাটা দেখা গেছে। কিন্তু প্রথমার্ধে আচরণ, কৌশল ও টেকনিক্যাল দিক থেকে আমরা নিজেদের মানের অনেক নিচে ছিলাম।’
তিনি আরও বলেন, ‘ম্যাচ আমাদের দ্বিতীয় সুযোগ দিয়েছে। আমরা নিজেদের গুছিয়ে নিতে পেরেছি, বলের নিয়ন্ত্রণ ফিরিয়ে এনেছি এবং সুযোগও তৈরি করেছি। পরের ম্যাচের আগে এটাই সবচেয়ে বড় ইতিবাচক দিক।’
উল্লেখ্য, ‘সি’ গ্রুপে এক পয়েন্ট নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ব্রাজিল। নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ২০ জুন হাইতির বিপক্ষে খেলবে সেলেসাওরা।
এসএ