দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় প্রাণ গেল কলেজছাত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় প্রাণ গেল কলেজছাত্রীর
অভিযুক্ত ইমাম সাইদুল

গাজীপুরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা করেছেন এক মসজিদের ইমাম। মঙ্গলবার (৯ মে) জিএমপি সদর থানার ওসি জিয়াউল হক এ তথ্য জানিয়েছেন। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় মহানগরের দক্ষিণ সালনা এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত কলেজছাত্রীর নাম রাবেয়া আক্তার (২৩)। তিনি গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকার আবদুর রউফের মেয়ে।

এ ঘটনায় আহত ওই কলেজ ছাত্রীর মা বিলকিস বেগম ও ছোট বোন খাদিজাকে (১৫) গুরুতর আহতাবস্থায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি জিয়াউল হক জানান, বাসায় গিয়ে ছোট বোনদের আরবি পড়াতো স্থানীয় মসজিদের ইমাম সাইদুল ইসলাম। তার বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় সোমবার রাতে সাইদুল ছুরি নিয়ে রাবেয়া আক্তারের বাড়িতে যায়। রাবেয়ার কক্ষে ঢুকে তার মাথায়, গলায়, হাতে, পায়ে এলোপাথাড়ি কোপাতে থাকেন তিনি। এসময় আহত রাবেয়ার চিৎকারে তার মা বিলকিস বেগম ও ছোট বোন খাদিজা দৌড়ে রাবেয়ার কক্ষে গিয়ে তাকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে তাদেরকেও এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় সাইদুল। পরে আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে রাবেয়া আক্তারকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে সাইদুল ইসলামকে আসামি করে মঙ্গলবার সদর থানায় একটি মামলা করেছেন। পুলিশ আসমিকে ধরতে অভিযান পরিচালনা করছে।

এমি/দীপ্ত সংবাদ