
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।
রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ষষ্ঠ বৈঠকে মন্ত্রী এ কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন, এমপি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাদক প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’
বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদ হুইপ রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, সংসদ সদস্য মো. কামরুজ্জামান, মো. মনোয়ার হোসেন এবং শিরীন সুলতানা অংশগ্রহণ করেন।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আওতাধীন অধিদপ্তরগুলোর মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








