শিরোনাম
৩০ টাকা কেজি চাল কিনলেন পোশাক শ্রমিকরা খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন নওগাঁর নিখোঁজ নবজাতক উদ্ধার বগুড়ায়, পরিচয় মিলবে ডিএনএ পরীক্ষায় না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’
দীপ্ত নিউজ
বাংলাদেশ

৩০ টাকা কেজি চাল কিনলেন পোশাক শ্রমিকরা

আল আমিন
আল আমিন
প্রকাশ:
৩০ টাকা কেজি চাল কিনলেন পোশাক শ্রমিকরা
পোশাক শ্রমিক

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমানো এবং সাশ্রয়ী মূল্যে চালপ্রাপ্তি নিশ্চিত করতে আজ থেকে বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচি শুরু হয়েছে।

এ কর্মসূচির আওতায় প্রত্যেক শ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল ৩০ টাকা কেজি দরে কিনতে পারবেন।

বিএনপির নির্বাচনী ইশতেহারে প্রান্তিক ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের জন্য আর্থিক সহায়তা ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সহজলভ্য করার অঙ্গীকার করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অন্যতম অগ্রাধিকার নিম্ন আয়ের মানুষের খাদ্যপ্রাপ্তি সহজ করা এবং জীবনযাত্রার ব্যয় কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ। এরই ধারাবাহিকতায় তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য এ বিশেষ ওএমএস কর্মসূচি চালু করা হয়েছে।

প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মোট ৬৬টি ট্রাকসেলের মাধ্যমে এ চাল বিক্রি করা হচ্ছে। প্রতিটি ট্রাকে ৫ মেট্রিক টন করে প্রতি শুক্রবার মোট ৩৩০ মেট্রিক টন চাল বিক্রি করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে। খাদ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

তথ্যানুযায়ী, ঢাকা মহানগরীতে ছয়টি ট্রাকসেলের মাধ্যমে ৩০ মেট্রিক টন, সাভারে আটটি ট্রাকসেলের মাধ্যমে ৪০ মেট্রিক টন, ধামরাইয়ে দু’টি ট্রাকসেলের মাধ্যমে ১০ মেট্রিক টন, গাজীপুরে ৩০টি ট্রাকসেলের মাধ্যমে ১৫০ মেট্রিক টন, নারায়ণগঞ্জে ১০টি ট্রাকসেলের মাধ্যমে ৫০ মেট্রিক টন এবং চট্টগ্রামে ১০টি ট্রাকসেলের মাধ্যমে ৫০ মেট্রিক টন চাল বিক্রি করা হচ্ছে।

প্রতি শুক্রবার দুই দফায় এ বিক্রয় কার্যক্রম পরিচালিত হবে। প্রথম দফায় সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট এবং দ্বিতীয় দফায় বেলা ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত চাল বিক্রি করা হবে। তবে মজুত থাকা সাপেক্ষে চাল বিক্রি করা হবে।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট তৈরি পোশাকশিল্পের শ্রমিকরা নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রদর্শন এবং মাস্টার রোলে স্বাক্ষর করে এ কর্মসূচির আওতায় চাল সংগ্রহ করতে পারবেন।

খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কর্মসূচির স্বচ্ছতা, জবাবদিহি ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের পৃথক মনিটরিং টিম সরেজমিনে কার্যক্রম পরিদর্শন ও তদারকি করছে। এছাড়া প্রতিটি ট্রাকের বিপরীতে একজন করে তদারকি কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।

বিশেষ ওএমএস কর্মসূচির প্রথম দিন আজ সকাল থেকেই নির্ধারিত ট্রাকসেল কেন্দ্রগুলোতে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে। শ্রমিকরা নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রদর্শন ও মাস্টার রোলে স্বাক্ষর করে সুশৃঙ্খলভাবে চাল সংগ্রহ করছেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ কর্মসূচি তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্য ব্যয় কমানোর পাশাপাশি তাদের খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে ইতিবাচক ভূমিকা রাখবে।