কলকাতায় আজ মুখোমুখি হচ্ছে ফুটবলের দুই ভিন্ন বাস্তবতার দুই দল–পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ফিফা র্যাঙ্কিংয়ে ১৩৮ নম্বরে থাকা ভারত। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে ভিনিসিয়ুস জুনিয়র, এনদ্রিক ও মারকিনিওসরা। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
কলকাতার সল্ট লেক স্টেডিয়াম। আলোঝলমল এক রাতের অপেক্ষায়। যেখানে মুখোমুখি হবে ফুটবল ইতিহাসের এক পরাশক্তি আর ক্রিকেটের পরাশক্তি হিসেবে পরিচিত এক ফুটবলপ্রেমী দেশ। প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও ব্রাজিল।
আন্তর্জাতিক পর্যায়ে এটাই ভারত ও ব্রাজিলের প্রথম মুখোমুখি লড়াই। একই সঙ্গে ভারতের মাটিতেও প্রথমবারের মতো ম্যাচ খেলতে নামছে সেলেসাওরা। ফিফা র্যাঙ্কিংয়ে দলটির অবস্থান পঞ্চম। ফলে ১৯৯২ সালে ফিফা র্যাঙ্কিং চালুর পর এটাই ভারতের মুখোমুখি হওয়া সর্বোচ্চ র্যাঙ্কিংয়ের দল।
ব্রাজিল ফুটবল দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি বলেন, ক্রিকেট তাদের সংস্কৃতির অংশ। ফুটবল সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলা নয়। কিন্তু তারাও ফুটবলকে ভালোবাসে। আমরা এখানে এসে খুশি। যারা ম্যাচটি দেখার সুযোগ পাবে, তাদের সামনে নিজেদের মান দেখাতে চাই। প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। যেকোনো প্রতিপক্ষকে আমরা সম্মান করি। তারা পানামার সঙ্গে ড্র করেছে। আশা করি, এটি হবে দারুণ এক রাত।
ভারতের জন্য এটি শুধু একটি প্রীতি ম্যাচ নয়। কলকাতার ফুটবলপ্রেমীদের জন্যও এটি বিশেষ আয়োজন। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামার আগে অবশ্য আত্মবিশ্বাসের কিছুটা রসদ পেয়েছে ভারত। সবশেষ ম্যাচে ফিফা ৪৪তম র্যাঙ্কিংয়ের পানামার সঙ্গে ১–১ গোলে ড্র করেছে খালিদ জামিলের শিষ্যরা। সেই ম্যাচে রায়ান উইলিয়ামস ভারতকে এগিয়ে দিয়েছিলেন। এবার অবশ্য প্রতিপক্ষ আরো কঠিন।
ভারত ফুটবল দলের প্রধান কোচ খালিদ জামিল বলেন, ম্যাচে চাপ থাকবে। তবে সেটি সামলাতে হবে। দায়িত্ব নিতে হবে। নিজের সেরাটা দিতে পারলে, যেকোনো কিছুই সম্ভব।)
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি এই ম্যাচে কয়েকজন খেলোয়াড়কে বেশি সুযোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। গোলরক্ষক পেদ্রো মরিসকোকে শুরুর একাদশে দেখা যেতে পারে। তবে চোটের কারণে দলে থাকছেন না রাফিনিয়া।
কলকাতার সঙ্গে ব্রাজিলের ফুটবল–সম্পর্কও বেশ পুরোনো। শহরটির ফুটবলপ্রেমীদের মধ্যে ব্রাজিলের জনপ্রিয়তা বহু দশকের। এবার সেই সমর্থনের কেন্দ্রেই সরাসরি ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিলের মূল জাতীয় দল। ম্যাচটি শেষ হওয়ার পর কলকাতায়ই ৬ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে আরেকটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে তারা।
মোহাম্মদ হাসিব/এজে/দীপ্ত সংবাদ