
নিষিদ্ধ আ. লীগের নেতারা ফেরার চেষ্টা করলে জনগণ কচুকাটা করবে: হাসনাত

‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের পলাতক নেতারা দেশে ফেরার চেষ্টা করলে জনগণ কচুকাটা করবে‘— বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটর দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত বলেন, সম্প্রতি বিভিন্ন টকশোতে দেখা যাচ্ছে, আওয়ামী লীগের পক্ষে অনেকে কথা বলছেন। আওয়ামী লীগ ফিরলে হয়তো তারা বিভিন্ন পদ পাবেন। কিন্তু আওয়ামী লীগ ফিরে এলে জনগণ কচুকাটা করবে। সুতরাং আপনি যদি মনে করেন, জনগণ আওয়ামী লীগকে আপনার দৃষ্টিতে দেখবে সেটা ভুল।
তিনি বলেন, বর্তমানে আওয়ামী লীগ দেশেও নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। কিন্তু দেশের কতিপয় গণমাধ্যম দলটির নাম নিচ্ছে না। অথচ অতীতে তারাই কোথাও নাশকতা হলে জামায়াতের তাণ্ডব বা বিএনপির অগ্নিসন্ত্রাস লিখে শিরোনাম করতো।
তিনি আরও বলেন, বিএনপির নেতৃত্বে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সফল হয়নি। যদি তা–ই হতো তাহলে ২০২৩ সালের অক্টোবরে ও ২০১৩ সালের মার্চ ফর ডেমোক্রেসিতেই তারা সফল হতো। তাই এসব বিষয় আরও পর্যালোচনা করা উচিত।
অনুষ্ঠানে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দ্বিতীয় দফায় আরও ১০০টি উপজেলা ও পৌরসভায় দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে এনসিপি।








