দীপ্ত নিউজ
বাংলাদেশ

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা:

হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর এলাকার পল্লবীতে ৭ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা‘র ফাঁসি আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। এ ছাড়া তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় হাইকোর্ট বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

মঙ্গলবার সকাল ১০টা ৩৬ মিনিটে মামলার আপিল ও ডেথ রেফারেন্সের রায় পড়া শুরু করেন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী।

এর মধ্য দিয়ে হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় বিচারিক আদালতের রায়ের পর এবার উচ্চ আদালতেও মামলাটির দ্রুত নিষ্পত্তি হলো।

রায় শুনতে সকালে হাইকোর্টে আসেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।

এর আগে, সোমবার দুই আসামির আপিল ও মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য আসা ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষ হয়। শুনানি শেষে রায়ের জন্য মঙ্গলবার দিন নির্ধারণ করেছিলেন আদালত।

এ মামলায় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা‘কে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন।