
দেশের যেসব এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না

বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে গাছের ঝুঁকিপূর্ণ ডালপালা কর্তনের কাজ করা হবে। এ কারণে মঙ্গলবার (১৭ নভেম্বর) শরীয়তপুর জেলার কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা এবং রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (১৬ নভেম্বর) শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি এবং রাজশাহী বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ–১ পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ভেসালিয়া ও পূর্ব সোনামুখী এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ লাইনের কাছাকাছি থাকা ঝুঁকিপূর্ণ গাছপালা ও ডালপালা কাটার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রাহকদের নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এই রক্ষণাবেক্ষণ কাজ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অন্যদিকে, রাজশাহীর ১১ কেভি বিদ্যুৎ লাইনের কাছাকাছি গাছের শাখা–প্রশাখা কর্তনের জন্য মঙ্গলবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলো হলো— তালাইমারী, ফুলতলা, জাহাজঘাট, মিজানের মোড়, খোঁজাপুর, ডাশমারী, নর্দান মোড়, দেবিশিংপাড়া, সাধুর মোড়, মোন্নাফের মোড়, সেরিকালচার, বালিয়াপুকুর, বড় বটতলা, ভদ্রা, উপরভদ্রা, শিরোইল, শান্তিবাগ, মটপুকুর ও আশপাশ এলাকা।
সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে অসুবিধা হবে, সে জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ।








