দীপ্ত নিউজ
রাজনীতি

বাংলাদেশে ‘কেমিকেল কাদেরের’ উদয় হয়েছে: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলাদেশে ‘কেমিকেল কাদেরের’ উদয় হয়েছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশেও একজন ‘কেমিকেল কাদেরের’ উদয় হয়েছে। ইরাকে যেমন এক মন্ত্রী ছিলেন, তার নাম আলী। মনে করা হতো বিষাক্ত রাসায়নিক অস্ত্র বানানো উনি তত্ত্বাবধান করেন। তাই তাকে সবাই ‘কেমিকেল আলী’ ডাকত। বাংলাদেশেও একজন ‘কেমিকেল কাদেরের’ উদয় হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে বগুড়া জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির নেতাদের সঙ্গে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি ও ফাতেহা পাঠের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বিএনপি নেতাদের মাথায় রাশিয়ার ইউরেনিয়াম ঢেলে দেওয়া হবে– এমন মন্তব্য করায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, ওবায়দুল কাদের প্রত্যক্ষভাবে বিএনপি নেতাদের হত্যার হুমকি দিয়েছেন। যে বিষাক্ত ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা দিয়ে গোটা বিশ্বকে ধ্বংস করা যায়, সে ইউরেনিয়াম বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যের মাথায় ঢেলে দেওয়ার হুমকি দিচ্ছেন। আজকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শেখ হাসিনা সরকার এবং তার মন্ত্রীরা বাংলাদেশে গুম, খুন, গুপ্তহত্যা, ক্রসফায়ারে জড়িত। সেটার আলামত বহন করে এই বিষাক্ত রাসায়নিক ইউরেনিয়াম ঢেলে দেওয়ার হুমকি।

বিএনপির এই নেতা আরও বলেন, এই কেমিক্যাল কাদেরকে দিয়ে শেখ হাসিনা কত মানুষকে শ্বাসরুদ্ধ করে মারবেন, কত গণতন্ত্রকামী মানুষকে যে নিশ্চিহ্ন করবেন, পুড়ে ছারখার করবেন, তা বলার অপেক্ষা রাখে না।

খালেদা জিয়ার চিকিৎসার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, যে নেত্রী দেশে বারবার গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। যিনি গণমানুষের নেত্রী, আজ সেই খালেদা জিয়ার সুচিকিৎসার অধিকার নেই। তার বেঁচে থাকার অধিকার নেই। আজকে পদ্মা, মেঘনা ও যমুনাসহ সারাদেশে ধ্বনি উঠেছে দেশনেত্রীকে বাঁচানোর জন্য।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর হেনা, সাবেক এমপি গোলাম মো. সিরাজ, হেলালুজ্জামান তালুকদার লালু, কাজী রফিক, মোশাররফ হোসেন, ড্যাব নেতা ডা. ইউনুস প্রমুখ।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ