দীপ্ত নিউজ
বাংলাদেশ

বগুড়া‌র মিনি জাফলংয়ে গোসলে নেমে তলিয়ে গেল শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বগুড়া‌র মিনি জাফলংয়ে গোসলে নেমে তলিয়ে গেল শিশু

বগুড়া জেলার শেরপুরে ‘মিনি জাফলং‘ নামে পরিচিত বাঙালি নদীতে গোসল করতে গিয়ে পা পিছলে পানিতে ডুবে সাদাত হোসেন (১২) নামে শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) সকাল ৯ টায় উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

নিহত সাদাত হোসেন পল্লী উন্নয়ন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের পদার্থ বিজ্ঞানের শিক্ষক ও ধুনট উপজেলার বিলচাপড়ি গ্রামের ইকবাল হোসেনের ছেলে।

শিশুর নানা মোখলেসুর রহমান জানান, ঈদে সাদাত আমার বাড়ি সুত্রাপুর বেড়াতে আসে। আজ (শুক্রবার) সকালেই সে ‘মিনি জাফলং‘ নামে পরিচিত বাঙালি নদীতে নেমে অন্য শিশুদের সঙ্গে আনন্দ করছিল। বাঙালি নদীর এই অংশেই বালু তোলার কারণে কিছু অংশ গভীর ছিল। সেখানে হঠাৎ পা পিছলে পড়ে সাঁতার না জানার কারণে পানির স্রোতে নদীর গভীরে ডুবে যায়।

পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাখানেক পর তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সাদাতকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ওয়্যার হাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটি উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ঊল্লেখ্য ঈদের দুই–একদিন আগে বগুড়া জেলার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা ব্রিজের নিচে বাঙালি নদীর একাংশকে ‘নতুন জাফলং’ বলে ফেসবুকে সস্তা ভাইরাল করা হয়।

 

এসএ