দীপ্ত নিউজ
জাতীয়

ফের বন্ধ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফের বন্ধ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

কয়লা সংকটে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ফের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে।

রবিবার (৩০ জুলাই) ভোরে এ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায় বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ–ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম।

তিনি বলেন, রবিবার ভোর সাড়ে ৩টা থেকে প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। কয়লা আমদানির জন্য সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ৮ আগস্ট কয়লা এসে পৌঁছালে পুনরায় উৎপাদনে যাবে বলে আশা করেন তিনি।

এর আগে রবিবার (১৬ জুলাই) টারবাইন ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র। মেরামত শেষে বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর থেকে উৎপাদন শুরু হয়।

এ বছরের ১৪ জানুয়ারি, ১৫ এপ্রিল, ২৩ এপ্রিল, ৩০ জুন ও ১৬ জুলাই বিভিন্ন কারণে বন্ধ থাকে বিদ্যুৎকেন্দ্রটি।

শায়লা/ দীপ্ত নিউজ