নেত্রকোনার পূর্বধলায় বিষপানে রুপা আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। নিহত রুপা আক্তার উপজেলার ৩ নম্বর ঘাগড়া ইউনিয়নের সানকিডুয়ারী গ্রামের নাঈম খানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (২২ মে) সকাল থেকে রুপা আক্তার স্বাভাবিকভাবে সাংসারিক কাজকর্ম ও রান্না করেন। পরে তার স্বামী নাঈম খান খাবার খেয়ে কাজে চলে যান। দুপুরের দিকে পরিবারের সদস্যরা তাকে খাওয়ার জন্য ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। একপর্যায়ে ঘরের বিছানায় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
পরে তার মুখে বিষের গন্ধ পেয়ে স্বজনরা দ্রুত উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল–মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ফয়সাল চৌধুরী/এজে/দীপ্ত সংবাদ