
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, মা-মেয়ে দগ্ধ

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের একটি টিনশেড বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে মা ও মেয়ে দগ্ধ হয়েছেন।
সোমবার (৩০ জুন) রাতে আদমজি এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের রাত সাড়ে ১২টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন– মা–নাজমা বেগম (৪০) ও মেয়ে মোছা. আফরোজা আক্তার (১৬)।
তাদের হাসপাতালে নিয়ে আসা রুবেল খান জানান, সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকার একটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন তারা। ওই বাসার নিচ দিয়ে গ্যাসের লাইন গেছে। সোমবার রাতে ওই গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মা–মেয়ে দগ্ধ হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আবাসিক চিকিৎসক ডা. সাওন বিন রহমান বলেন, দগ্ধ অবস্থায় রাতে মা ও মেয়েকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে নাজমা বেগমের শরীরে ২২ শতাংশ দগ্ধ ও মেয়ে আফরোজা‘র ২২ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের শ্বাসনালী পুড়ে গেছে। দুজনকেই হাই ডিপেন্ডেন্সি ইউনিটে(এইচডিইউ) ভর্তি দেওয়া হয়েছে।
এসএ








