সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সোনালি চুলওয়ালা বিরল সাদা (অ্যালবিনো) মহিষ। তার নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। মাথায় সোনালী চুল আর ব্যতিক্রমী রঙের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া নারায়ণগঞ্জের এক বিরল অ্যালবিনো মহিষ এবার জায়গা করে নিয়েছে বিশ্ব মিডিয়ায়।
আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স ছাড়াও ভারত, পাকিস্তান ও থাইল্যান্ডের মূলধারার সংবাদমাধ্যমগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই খবরটি প্রচার করেছে।
আরব নিউজের প্রতিবেদন মতে, প্রায় ৭০০ কেজি (১৫০০ পাউন্ড) ওজনের এই মহিষটির গায়ের রঙ সাদাটে–গোলাপি এবং মাথায় রয়েছে লম্বা সোনালী চুল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিচিত হেয়ার স্টাইলের সঙ্গে মিল থাকায় খামারি জিয়া উদ্দিন মৃধার ছোট ভাই শখ করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।
তবে খামারি হেসে জানান, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এই মহিষের মিল কেবল চুল পর্যন্তই সীমাবদ্ধ, স্বভাবের দিক থেকে সে ভীষণ শান্ত।