দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

ধামরাইয়ে বাস চাপায় এক গার্মেন্টস কর্মকর্তা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ধামরাইয়ে বাস চাপায় এক গার্মেন্টস কর্মকর্তা নিহত

ঢাকার ধামরাইয়ে বাস চাপায় পোশাক কারখানার এক কর্মকর্তা নিহত হয়েছে। বৃহস্পতিবার (৭ জুন) বিকেলে ঢাকা–আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরপরই বাসের চালককে আটক করা হয়েছে। এছাড়া বাসটিও জব্দ করেছে পুলিশ।

নিহত পোশাক কারখানার কর্মকর্তা মো: শাহজাহান আলী বদর স্পিনিং মিলস লিমিটেডের সিনিয়র মেইন্টেনেন্স অফিসার। নিহতের কাছে থাকা একটি অফিস আইডি কার্ড থেকে এ তথ্য পাওয়া গেছে।

আটক বাস চালক মো. পিন্টু মিয়া মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার ধূসর গ্রামের আবুল হোসেনের ছেলে।

সাভার হাইওয়ে থানা পুলিশ জানায়, বিকেল ৪ টার দিকে ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে সড়ক বিভাজক টপকিয়ে নিরবিচ্ছিন্ন গাড়ি চলাচলের লেনে দাড়িয়ে ছিলেন মো. শাহজাহান আলী। এসময় ঢাকাগামী সেলফি পরিবহন তাঁকে ধাক্কা দেয়। তিনি সড়কে ছিটকে পরে ঘটনাস্থলেই মারা যান।

প্রত্যক্ষদর্শীরা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ নবীনগর বাসস্ট্যান্ডে সেলফি পরিবহনের ওই বাসটিকে আটক করেন৷ পরে সাভার হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার ও বাসটিও জব্দ করে সাভার হাইওয়ে থানায় নিয়ে আসেন।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল হক বলেন, সড়ক বিভাজক টপকিয়ে সড়ক পার হতে গিয়ে ওই ব্যক্তি নিহত হয়েছেন। মরদেহের পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। মরদেহ উদ্ধার ও বাসটি জব্দ করা হয়েছে।

 

আফ/দীপ্ত নিউজ