ড. ইউনূসের বিচার চলবে কি না, জানা যাবে ১২ ‍জুন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

অর্থ আত্মসাতের মামলায় অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিচার শুরু হবে কি না সে বিষয়ে আদেশ জানাতে আগামী ১২ জুন দিন ধার্য করেছেন আদালত।

রবিবার (২ জুন) আদেশের এ তারিখ ঠিক করেন ঢাকার বিশেষ জজ আদালত–৪ সৈয়দ আরাফাত হোসেনের আদালত।

আদালতে দুদকের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মোশাররফ হোসেন কাজল এবং ড. ইউনূসের পক্ষে ব্যরিস্টার আব্দুল আল মামুন শুনানি করেন।

মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত ছিলেন ড. ইউনূস ও অন্যান্যরা।

অন্য অভিযুক্তরা হলেন– গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, পরিচালক পারভীন মাহমুদ, নাজনীন সুলতানা, মো. শাহজাহান, নূরজাহান বেগম ও পরিচালক এস. এম হাজ্জাতুল ইসলাম লতিফী, অ্যাডভোকেট মো. ইউসুফ আলী, অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক–কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান ও প্রতিনিধি মো. মাইনুল ইসলাম, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম।

গত ১ ফেব্রুয়ারি এ মামলায় ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান।

এর আগে গ্রামীণ টেলিকমের শ্রমিক–কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ৩০ মে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়–১–এ সংস্থার উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে এ মামলা করেন।

আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More