দেশের ৩ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
শনিবার (১৬ মে) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহকে দেয়া আবহাওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, কুমিল্লা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে।
তাই এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দক্ষিণপশ্চিম ও পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। এ ছাড়া, অপর একটি লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।
এ পরিস্থিতিতে আগামী কয়েক দিন দেশের সব বিভাগে ঝড়বৃষ্টির প্রবণতা রয়েছে।
এসএ