সিরাজগঞ্জ জেলায় দায়ের করা ২টি মানহানি মামলায় স্থায়ী জামিন পেলেন কুষ্টিয়া–৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা।
রবিবার (১৪ জুন) দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার জামিন আবেদন শুনানি শেষে স্থায়ী জামিন মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা জজ আদালতের অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক।
এর আগে, গত ২৭ এপ্রিল হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন নেন মুফতি আমির হামজা।
আমির হামজা‘র আইনজীবী অ্যাডভোকেট আবু তালেব এবং বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল এ তথ্য নিশ্চিত করেন।
প্রসঙ্গত, গত ২৬ মার্চ সিরাজগঞ্জ শিল্পকলা অ্যাকাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
তার ওই বক্তব্যের প্রসঙ্গ টেনে গত ২৭ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় মসজিদে জুমার খুতবার আগে আমির হামজা বলেন, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু একজন নাস্তিক ও আপাদমস্তক ইসলামবিদ্বেষী।
পরবর্তীতে তার ওই বক্তব্যের ১ মিনিট ৪৬ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু‘কে নিয়ে কটূক্তির অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজা‘র বিরুদ্ধে মানহানি মামলা করা হয়। একই দিন আদালত তাকে সমন জারি করে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দেন। পরবর্তীতে নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এছাড়া আদালতে হাজির না হওয়ায় গত ১৭ মে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।
এসএ