দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় ২ সাংবাদিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজায় ইসরায়েলি হামলায় ২ সাংবাদিক নিহত

গাজা উপত্যকায় পৃথক ইসরায়েলি হামলায় দুই সাংবাদিক নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন আলজাজিরার প্রতিনিধি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ও স্থানীয় সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সময় সোমবার (২৪ মার্চ) উত্তর গাজার বেইত লাহিয়ায় আলজাজিরার সাংবাদিক হোসাম শাবাতের গাড়িকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। শাবাত এর আগে আরেকটি হামলায় আহত হলেও সংবাদ সংগ্রহ চালিয়ে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় কোনো পূর্ব সতর্কতা দেওয়া হয়নি।

একই দিন দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন প্যালেস্টাইন টুডের সাংবাদিক মোহাম্মদ মনসুর। তার বাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, কোনো আগাম সতর্কতা ছাড়াই এই হামলা হয়েছে।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, এই দুই সাংবাদিকের মৃত্যুর পর অক্টোবর ২০২৩ থেকে গাজায় নিহত গণমাধ্যমকর্মীর সংখ্যা ২০৮–এ পৌঁছেছে। এক বিবৃতিতে তারা ইসরায়েলের সাংবাদিক হত্যার নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে। সংস্থাটির প্রধান নির্বাহী জোডি গিন্সবার্গ বলেছেন, সাংবাদিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা যুদ্ধাপরাধের শামিল। সিপিজে এমন বেশ কয়েকটি মামলা তদন্ত করছে, যেখানে ইসরায়েলের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ও সাংবাদিকদের প্রতি এ ধরনের সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। তারা দ্রুত আন্তর্জাতিক আদালতে এ বিষয়ে তদন্ত চালানোর দাবি জানিয়েছে।