দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অবরোধ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন।

তিনি জানান, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পাশাপাশি ইরানি বন্দরগুলোতে মার্কিন সামরিক বাহিনীর অবরোধ কার্যক্রম আগের মতোই অব্যাহত থাকবে। মূলত একটি ঐক্যবদ্ধ শান্তি প্রস্তাবনা তৈরির সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিশেষ বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প উল্লেখ করেন, বর্তমান ইরান সরকার মারাত্মকভাবে খণ্ড–বিখণ্ড হয়ে পড়েছে, যা আগে থেকেই অনুমেয় ছিল। এই পরিস্থিতিতে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানিয়েছেন যেন এখনই ইরানে কোনো হামলা চালানো না হয়। পাকিস্তানি নেতৃবৃন্দের এই আহ্বানে সাড়া দিয়ে ট্রাম্প ইরানের প্রতিনিধি ও নেতাদের একটি সম্মিলিত প্রস্তাব নিয়ে আসার জন্য সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিবৃতিতে ট্রাম্প আরও স্পষ্ট করেছেন যে, হামলা স্থগিত থাকলেও মার্কিন সামরিক বাহিনী পূর্ণ শক্তি নিয়ে প্রস্তুত রয়েছে। তিনি তার বাহিনীকে ইরানি বন্দরগুলোতে কঠোর অবরোধ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। ইরানের পক্ষ থেকে প্রস্তাব জমা দেওয়া এবং সেই আলোচনার কোনো চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে তিনি নিশ্চিত করেন।