অদম্য ইচ্ছাশক্তি ও সাহসিকতা নিয়ে ছেলেদের পাশাপাশি লেগুনা চালাচ্ছেন মুক্তি রানী। টাঙ্গাইলের এই সাহসী নারী দক্ষতার সাথে যাত্রী পরিবহন করেন আশুলিয়ার বাইপাইল–আব্দুল্লাহপুর। তার প্রশংসা করেছেন যাত্রী ও অন্য লেগুনা চালকরা।
টাঙ্গাইল জেলার ঘাটাইলের মেয়ে মুক্তিরানী। তিনি আশুলিয়ার উত্তর গাজিরচটের এক রুমের বাসায় থাকেন। তার স্বামী পোশাক শ্রমিক।
মুক্তিরানীর কর্ম ব্যস্ততা শুরু হয় ভোরের সূর্য ওঠার আগেই। প্রতিদিন সংসারের কাজ গুছিয়ে, স্বামীকে বিদায় দিয়ে বের হন নিজের গাড়ির চাবি নিয়ে। গলায় ঝোলানো থাকে ড্রাইভিং লাইসেন্স। আশুলিয়ার বাইপাইল–আবদুল্লাহপুর মহাসড়কে সারাদিন অন্য পরিবহন চালকদের মতো ছুটে বেড়ান যাত্রীর খোঁজে।
লেগুনা চালক মুক্তিরানী জানান, প্রয়াত বাবার অনুপ্রেরণা ও স্বাধীনভাবে কাজ করার চিন্তা থেকেই এ পেশায় আসা।
দক্ষতার সাথে লেগুনা চালানোয় মুক্তিরানীর প্রশংসা করার পাশাপাশি তাকে সম্মান জানান যাত্রী ও অন্য গাড়ির চালকরা। ব্যতিক্রমী এই কাজে সহযোগিতা ও সাহস জুগিয়েছে মুক্তির পরিবার।
মুক্তি রানীর কাজ নির্বিঘ্ন করতে সবধরনের সহযোগিতা করার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।
স্থানীয় প্রশাসনের আশা মুক্তি রানীর মত সব পেশায় এগিয়ে আসবে অন্য নারীরা।
অনু/দীপ্ত সংবাদ