
৩১ দিন পর নিয়ন্ত্রণে ইনানীর গ্যাসকূপের আগুন

টানা ৩১ দিন জ্বলতে থাকার পর অবশেষে নিয়ন্ত্রণে এসেছে কক্সবাজারের ইনানীতে নলকূপ থেকে সৃষ্ট প্রাকৃতিক গ্যাসের আগুন।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে দীর্ঘ প্রস্তুতি শেষে দেশীয় প্রযুক্তিতে এ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।
বিশেষ কারিগরি পদ্ধতিতে ৩০ ইঞ্চি কেসিং স্থাপনের মাধ্যমে কূপের বিভিন্ন স্থান দিয়ে বের হওয়া গ্যাসের আগুন নিভিয়ে ফেলা হয়।
আগুন নিয়ন্ত্রণে আসায় এখন কূপটিকে নিরাপদ করার পাশাপাশি নতুন করে গ্যাস অনুসন্ধানের প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।
এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে মূল অপারেশন শুরু হলেও আলোকস্বল্পতার কারণে সন্ধ্যায় তা স্থগিত করা হয়েছিল।
শুক্রবার সকাল ৭টায় পুনরায় অভিযান শুরুর উদ্যোগ নেয়া হয় তবে যান্ত্রিক ত্রুটিতে কার্যক্রম পিছিয়ে যায়। ত্রুটি সারিয়ে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন ও কেসিং–ড্রিলিং পাইপ প্রস্তুত শেষে সকাল ৯টার দিকে আবারও অভিযান শুরু করে বাপেক্স।
বাপেক্স জানায়, আগুন নিয়ন্ত্রণে গেল ১৪ দিন ধরে ২০ কর্মকর্তার তত্ত্বাবধানে কাজ করছিল বাপেক্সের ৫৫ সদস্যের দল।
তারা জানায়, ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৯ ঘণ্টাই চলেছে নিরবচ্ছিন্ন প্রস্তুতি। পরিকল্পনা অনুযায়ী, গভীরে পাইপ স্থাপন করে উচ্চচাপে বিশেষ কাদামিশ্রিত তরল প্রবেশ করিয়ে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণের উদ্যোগ নেয়া হয়। এর পরের ধাপে সিমেন্ট দিয়ে গ্যাস নির্গমনের পথ স্থায়ীভাবে বন্ধ করার কথা রয়েছে।
তারা আরও জানায়, এ অভিযানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আগুন নিয়ন্ত্রণে আনা। তবে দেশীয় প্রযুক্তিতে অভিযানটি সফল হওয়ায় ব্যয় হচ্ছে মাত্র ১ থেকে ২ কোটি টাকা। অথচ বিদেশি প্রতিষ্ঠানের সহায়তা নিতে হলে খরচ হতো ১০০ থেকে ১৫০ কোটি টাকা। এতে বিপুল অর্থ সাশ্রয়ের পাশাপাশি দেশের জ্বালানি খাতে নতুন অভিজ্ঞতা যুক্ত হলো।








