শিরোনাম
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

যুদ্ধে বিজয় ‘হাতের নাগালে’, তবে ইরানকে সুযোগ দিচ্ছি: ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যুদ্ধে বিজয় ‘হাতের নাগালে’, তবে ইরানকে সুযোগ দিচ্ছি: ট্রাম্প
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে বিজয় এখন হাতের নাগালে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধের আরও প্রাণহানি এড়াতে তেহরানকে চুক্তিতে পৌঁছানোর সব ধরনের সুযোগ দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থ্যাংকসগিভিং উপলক্ষে মার্কিন সেনাসদস্যদের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় এসব মন্তব্য করেন ট্রাম্প।

তিনি বলেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতের পরিণতি কী হবে, তা অনেকটাই নির্ভর করছে তার সিদ্ধান্তের ওপর। তবে ইরান শেষ পর্যন্ত চুক্তিতে রাজি হবে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

ট্রাম্প বলেন, ‘ইরানে বিজয় আমাদের হাতের নাগালে। কখন এবং কীভাবে এটি অর্জিত হবে, তা অনেকটাই আমার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সত্যি বলতে, আমরা তাদের সঙ্গে ভালো আচরণ করার চেষ্টা করছি। চুক্তিতে পৌঁছাতে এবং বহু মানুষের প্রাণ বাঁচাতে তাদের সব ধরনের সুযোগ দিচ্ছি। কিন্তু তারা সেই সুযোগ কাজে লাগাবে কি না, তা নিয়ে আমি নিশ্চিত নই।’

তিনি আরও বলেন, ‘কেউ কেউ প্রশ্ন করেন, তারা কেন এমন করছে? তারা কি পাগল? হয়তো তাই।’

ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন সেনাদের ভূমিকার প্রশংসা করে ট্রাম্প বলেন, তেহরানকে কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়া হবে না।

তিনি বলেন, ‘আপনাদের প্রত্যেকেই শুধু আজকের যুক্তরাষ্ট্র নয়, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এর মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না। আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি, তারা কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না।’

এসময় মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখার গুরুত্বও তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। তার আশঙ্কা, ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হলে ইসরাইলসহ পুরো অঞ্চলের অন্যান্য দেশের জন্য বড় ধরনের হুমকি তৈরি হতে পারে।

ট্রাম্প বলেন, ‘আমাদের যা প্রয়োজন, তা হলো মধ্যপ্রাচ্যে শান্তি। কারণ, শান্তি না থাকলে সেখানে ব্যাপক অস্থিরতা ও সংঘাত তৈরি হবে।’

সূত্র: আনাদোলু এজেন্সি