
১২১ কেজি সোনা দান করে আলোচনায় ব্যবসায়ী

মন্দিরে ১২১ কেজি স্বর্ণালংকার দান করে আলোচনায় এসেছেন ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাই উদ্যোক্তা ও সমাজসেবী বর্ধমান জৈন। স্ত্রী রাধিকা জৈনকে সঙ্গে নিয়ে তিনি এই বিপুল পরিমাণ স্বর্ণালংকার দান করেন।
তিরুমালা তিরুপতি দেবস্থানমস (টিটিডি)-এর ইতিহাসে এটিকে অন্যতম বৃহৎ দান হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে মন্দির কর্তৃপক্ষের হাতে এসব স্বর্ণালংকার তুলে দেন বর্ধমান ও রাধিকা জৈন দম্পতি।
দান করা স্বর্ণালংকারের তালিকায় রয়েছে বিশেষভাবে তৈরি ৪৬টি অলংকার। এর মধ্যে মুকুট, হার, বাহুর অলংকার, কোমরের গহনা ও বিভিন্ন ঐতিহ্যবাহী গয়না রয়েছে। কয়েকটি অলংকারে বসানো হয়েছে মূল্যবান হীরাও।
১২১ কেজি স্বর্ণালংকার দান করে বর্ধমান জৈন আলোচনায় এলেও স্বাস্থ্যসেবা প্রযুক্তি ও বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) খাতে উদ্যোক্তা হিসেবে তাঁর পরিচিতি রয়েছে। বিভিন্ন মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় তিনি।
বর্ধমান জৈন বৈশ্বিক স্বাস্থ্যসেবা প্রযুক্তি ও রেভিনিউ সাইকেল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘অ্যাকসেস হেলথকেয়ার‘ প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান। এ ছাড়া তিনি এশিয়া (চেন্নাই) ইঞ্জিনিয়ারিং পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
চেন্নাইয়ের লয়োলা কলেজ থেকে পরিসংখ্যানে স্নাতক ডিগ্রি অর্জন করেন বর্ধমান জৈন। পরে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিনে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর পড়াশোনা করেন।
১৯৯৭ সালে অনুরাগ জৈনের সঙ্গে যৌথভাবে ভিশন হেলথসোর্স প্রতিষ্ঠার মাধ্যমে তার ব্যবসায়িক যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানটি চিকিৎসা বিল তৈরি ও স্বাস্থ্যসেবা–সংক্রান্ত বিমা দাবি ব্যবস্থাপনার কাজ করত। ২০০৩ সালে পেরট সিস্টেমস প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করে।
২০০৯ সালে ডেল পেরট সিস্টেমসকে অধিগ্রহণ করার পর বর্ধমান জৈন ডেল সার্ভিসেসের বৈশ্বিক বিজনেস প্রসেস আউটসোর্সিং কার্যক্রমের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পান। এ সময় তিনি ১০০টির বেশি গ্রাহক প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম তদারকি করেন। তার অধীনে কর্মরত ছিলেন প্রায় ৯ হাজার কর্মী।
পরবর্তী সময়ে তিনি অ্যাকসেস হেলথকেয়ার প্রতিষ্ঠা করেন। ধীরে ধীরে প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক পর্যায়ের স্বাস্থ্যসেবা আউটসোর্সিং ও প্রযুক্তি ব্যবসায় পরিণত করেন। স্বাস্থ্যসেবার বিভিন্ন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে প্রতিষ্ঠানটি স্বয়ংক্রিয় প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং মেশিন লার্নিং ব্যবহার করছে।
২০২৫ সালের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান নিউ মাউন্টেন ক্যাপিটাল অ্যাকসেস হেলথকেয়ারে কৌশলগত বিনিয়োগের ঘোষণা দেয়। চুক্তির আওতায় প্রতিষ্ঠানটির অধিকাংশ মালিকানা নেওয়ার বিষয়টি ছিল। বিভিন্ন সংবাদমাধ্যম প্রতিবেদন অনুযায়ী, পুরো লেনদেনের মূল্য ১৫০ কোটি থেকে ২০০ কোটি ডলার বলে উল্লেখ করা হয়।
ব্যবসার পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত বর্ধমান জৈন। তিনি শ্রী সরিতা জৈন ফাউন্ডেশন ট্রাস্টের ব্যবস্থাপনা ট্রাস্টি। প্রতিষ্ঠানটি শিক্ষা বিস্তার, ক্ষুধার্ত মানুষের খাদ্য সহায়তা এবং জরুরি স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে।
এ ছাড়া বর্ধমান জৈন সুবিধাবঞ্চিত তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে তিনি ‘আবিষ্কার’ নামে একটি উদ্যোগ প্রতিষ্ঠা করেন। চেন্নাইয়ের কাঞ্চি কামাকোটি চাইল্ডস ট্রাস্ট হাসপাতালের সঙ্গে যুক্ত থেকে শিশুদের স্বাস্থ্যসেবায়ও অবদান রাখছেন তিনি।
তিরুমালা মন্দিরের সঙ্গে বর্ধমান জৈনের সম্পর্ক বেশ পুরোনো। সর্বশেষ ১২১ কেজি স্বর্ণালংকার দানের আগেও তিনি মন্দির সংশ্লিষ্ট বিভিন্ন কাজে অর্থ ও উপকরণ দিয়েছেন।
এর আগে, শ্রী ভেঙ্কটেশ্বর ভক্তি চ্যানেলের জন্য ৭ কোটি রুপি, টিটিডির গোশালায় গবাদিপশুর খাদ্য তৈরির মিশ্রণকেন্দ্র স্থাপনে ৫ কোটি রুপি এবং মুদ্রা বাছাইয়ের যন্ত্র কেনার জন্য ১ কোটি রুপি দান করেন বর্ধমান জৈন। এ ছাড়া মন্দিরের ভেতরে যাতায়াতের সুবিধার্থে বৈদ্যুতিক বাসও দিয়েছেন এই উদ্যোক্তা।
সূত্র: এনডিটিভি








