
নওগাঁয় কমছে খেজুর গাছ, হুমকিতে শত বছরের ঐতিহ্য

শীতের সকালে খেজুরের রস আর সেই রস জ্বাল দিয়ে তৈরি হচ্ছে সুস্বাদু গুড় ও লালি। গ্রামবাংলার শত বছরের এই ঐতিহ্য ধরে রাখতে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর গাছিরা। তবে দিন দিন খেজুর গাছ কমে যাওয়ায় কমছে রসের উৎপাদনও।
ভোরে গাছ থেকে নামানো হচ্ছে রস। চুলায় জ্বাল দিয়ে তৈরি হচ্ছে গুড় ও লালি। শীতের পিঠাপুলি আর পায়েস তৈরিতে যার জুড়ি নেই। কিন্তু একসময় বাড়ির আঙিনা, ক্ষেতের আইল ও রাস্তার পাশে প্রচুর খেজুর গাছ থাকলেও এখন কমছে সেই সংখ্যা। ফলে চাহিদা অনুযায়ী রস সংগ্রহ করতে পারছেন না গাছিরা।
আগের মতো খেজুর গাছ নেই। কমে যাচ্ছে রসের পরিমাণও। এই ঐতিহ্য টিকিয়ে রাখতে নতুন করে খেজুর গাছ রোপণের বিকল্প নেই।
নওগাঁ জেলার ১১টি উপজেলায় ৪০ হেক্টর জমিতে রয়েছে প্রায় ১৬ হাজার খেজুর গাছ। পাঁচ বছর আগেও যা ছিল দ্বিগুণ। তাই শত বছরের এই ঐতিহ্য ধরে রাখতে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে খেজুর গাছ রোপণ ও পরিচর্যার তাগিদ স্থানীয়দের।
আব্দুর রউফ/এফ/দীপ্ত নিউজ








