শিরোনাম
দুই দফায় জাতীয় গ্রিডে ৯ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ দিলো রূপপুর বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় বাংলাদেশ স্পিকারের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ একদিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার খবর সঠিক নয়: ডেপুটি প্রেস সেক্রেটারি প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, বিএনপি নেতা বহিষ্কার তৃতীয় সংসারেও ইতি টানলেন ন্যান্সি ‘মাইগ্রেন সারাতে’ যুবলীগ নেত্রীকে বাসায় ডেকে প্রত্যাহার হলেন ওসি বগুড়ায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

দুই দফায় জাতীয় গ্রিডে ৯ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ দিলো রূপপুর

আদীব জামাল
আদীব জামাল
প্রকাশ:
দুই দফায় জাতীয় গ্রিডে ৯ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ দিলো রূপপুর

জাতীয় গ্রিড ২ দফায় প্রায় ৩৮ ঘন্টায় ৯ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ দিয়েছে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট।

এর মধ্যে প্রথম দফায় প্রায় ২ কোটি টাকার এবং দ্বিতীয় দফায় প্রায় ৭ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে জাতীয় গ্রিডে।

দ্বিতীয় দফায় টানা প্রায় ৩০ ঘণ্টা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছে কেন্দ্রটির প্রথম ইউনিট। এ সময় ঘণ্টায় প্রায় ৩২০ মেগাওয়াট হারে বিদ্যুৎ সরবরাহ করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়।

নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) পরিচালনায় দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়ে বিদ্যুৎ সরবরাহ করে রূপপুরের প্রথম ইউনিট।

জাতীয় সঞ্চালন লাইনের একাধিক সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমে জানানো হয়, এ দফায় ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়ের চেয়ে বেশি, প্রায় ৩০ ঘণ্টা সরবরাহ অব্যাহত রাখা হয়।

এর আগে প্রথম দফায় গত ১৭ নভেম্বর জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে রূপপুরের প্রথম ইউনিট। ওই দফায় প্রায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়। সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ২ কোটি টাকা। দুই দফা মিলিয়ে কেন্দ্রটি থেকে পরীক্ষামূলকভাবে সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক বাজারমূল্য ৯ কোটি ৬ লাখ টাকা।

প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, দ্বিতীয় দফায় দীর্ঘ সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির পরিচালন সক্ষমতা ও প্রযুক্তিগত প্রস্তুতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি। একই সঙ্গে দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে এটি একটি নতুন মাইলফলক।

বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম শেষ হওয়ার পর প্রথম ইউনিটটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বর্তমানে পরীক্ষামূলক পরিচালনার সময় সংগৃহীত বিভিন্ন তথ্য–উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে। বিশেষ করে পরিচালনসংক্রান্ত বিভিন্ন পরামিতি, টারবাইন–জেনারেটর ব্যবস্থা এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যকারিতা ও কর্মদক্ষতা পর্যালোচনা করা হচ্ছে। এসব বিশ্লেষণের ফলাফলের ভিত্তিতে পরবর্তী পরিচালন কার্যক্রম নির্ধারণ করা হবে।

এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান বলেন, দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে যুক্ত হয়ে টানা ৩০ ঘণ্টা ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারা অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এটি এনপিসিবিএলের পরিচালন সক্ষমতা, প্রকৌশলী ও অপারেটরদের দক্ষতা এবং রাশিয়ার সহযোগীদের সঙ্গে সম্মিলিত প্রচেষ্টার ফল।

তিনি বলেন, অপারেটর হিসেবে এনপিসিবিএল বিদ্যুৎকেন্দ্রটির নিরাপদ, নির্ভরযোগ্য ও দক্ষ পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ। সর্বোচ্চ পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করে আন্তর্জাতিক মানদণ্ড ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণ করেই পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

এ অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, রাশিয়ার সহযোগী প্রতিষ্ঠান এবং এনপিসিবিএলের কর্মকর্তা–কর্মচারী ও বিশেষজ্ঞদের অভিনন্দন জানান তিনি।

 

জানা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। দুটি ইউনিট পূর্ণাঙ্গ উৎপাদনে গেলে দেশের বিদ্যুৎ খাতে নতুন মাত্রা যুক্ত হওয়ার পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং দীর্ঘমেয়াদি জ্বালানিনিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরিফ আহমেদ সিদ্দিকী/এজে/দীপ্ত সংবাদ